২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া হারিরি হত্যাকান্ডে অভিযুক্ত কর্মকর্তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকান্ডে গঠিত জাতিসংঘ তদন্ত কমিটির প্রকাশিত প্রতিবেদনে অভিযুক্ত সিরিয় কর্মকর্তাদের উপর দামাস্কাস ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 12:27 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

সরকারের এক মুখপাত্র জানান, অভিযুক্ত ছয় কর্মকর্তাকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

এর আগে সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য সিরিয়া হারিরির হত্যাকান্ডে গঠিত জাতিসংঘ তদন্ত কমিটির প্রধান ডেটলেভ মেহলিসকে আমন্ত্রণ জানায়।

তদন্ত কমিটিকে সিরিয়ার পূর্ণ সহযোগিতা করতে হবে-জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত সপ্তাহে এই মর্মে একটি প্রস্তাবনা পাস করে।

অক্টোবরে জাতিসংঘের তদন্ত কমিটির প্রকাশিত এক অন্তবর্তীকালীন প্রতিবেদনে বলা হয়েছিল, হারিরির হত্যাকান্ডের সাথে সিরিয়ার শীর্ষ কর্মকর্তারা জড়িত।

হত্যাকান্ডের সাথে জড়িত ছয় সিরীয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিতে জাতিসংঘের তদন্ত দলটি দামাস্কাসের প্রতি অনুরোধ জানিয়েছে।

যদিও আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত ছয় সিরীয় কর্মকর্তার নাম ঘোষণা করা হয়নি, তবে তাদের মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শ্যালক ও সিরিয়ার সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান আসিফ শওকত রয়েছেন বলে লেবাননের সরকারি সূত্র জানিয়েছে।

লেবাননের সরকারি সূত্র মতে, অভিযুক্তদের মধ্যে সিরিয়ার সাবেক গোয়েন্দা প্রধান বাহজাত সুলেমান, লেবাননে মোতায়েনকৃত সিরীয় সামরিক বাহিনীর সাবেক সামরিক গোয়েন্দা প্রধান রুস্তম ঘাজালি ও তার সহকারী জামিহ জামিহ রয়েছেন।

লেবাননের রাজধানী বৈরুতে চলতি ফেব্রুয়ারিতে হারিরির গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়ে হারিরিসহ আরও কমপক্ষে ২০ জনকে হত্যা করা হয়েছিল। সিরিয়া হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা বারবার অস্বীকার করেছে।