ভারতের সাবেক প্রেসিডেন্ট নারায়নন আর নেই
ভারতের সাবেক প্রেসিডেন্ট কে আর নারায়নন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়।
নিউমোনিয়ায় আক্রান্ত নারায়ননকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো এবং এক সপ্তাহ আগে তিনি ‘কোমা’য় ছিলেন।
ভারতে ‘দলিত’ সম্প্রদায় থেকে তিনিই প্রথম প্রেসিডেন্ট। ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত নারায়নন এ দায়িত্বে ছিলেন।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরু নারায়ননকে কূটনৈতিক সার্ভিসে নিয়োগ দেন এবং এরপর দীর্ঘদিন তিনি কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র সিতাংশু কর জানান, গত ২৯ অক্টোবর কিডনির সমস্যা এবং নিউমোনিয়া আক্রান্ত নারায়ননকে দিল্লির ‘আর্মীস রিসার্চ অ্যান্ড রেফারাল হসপিটাল’ এ ভর্তি করা হয়।
প্রেসিডেন্ট হবার আগে নারায়নন বেজিং ও ওয়াশিংটনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।
১৯৮০ সালে তিনি পার্লামেন্টে একটি আসনে জয়ী হন। তার ভাবমূর্তি ছিলো যথেষ্টই উজ্জ্বল।
