২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার পারমাণবিক ইস্যু নিয়ে ছয় জাতির বেইজিং আলোচনা শুরু

পারমাণবিক উচ্চাকাঙ্খা পরিত্যাগে উত্তর কোরিয়াকে রাজি করানোর লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায় চীনের রাজধানী বেইজিংয়ে ছয় জাতির আলোচনা পুনরায় শুরু করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 11:53 AM

Updated : 26 Apr 2022, 06:16 PM

উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধ করার অংশ হিসেবে সেপ্টেম্বরে ছয় জাতির মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছি। ওই প্রক্রিয়াকে এগিয়ে নেয়ার লক্ষ্যেই বেইজিং বৈঠক আবার শুরু হল।

আলোচনার শুরুতে চীনের প্রতিনিধি উয়ু দাউই মধ্যস্থতাকারীদের কাছে আরও ছাড় ও আশাবাদের দাবি জানান।

এর আগে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সাম্প্রতিক মন্তব্য আলোচনাকে বাধাগ্রস্ত করেছে।

প্রেসিডেন্ট বুশ ব্রাজিল সফরকালে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা সম্পর্কে বিরুপ মন্তব্য করেন।

জাপান ও দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার শোষকের কথা উল্লেখ করলেও, তিনি দেশটির শীর্ষ নেতা কিম জং ইলের নাম সরাসরি উল্লেখ করেননি।

জ্বালানি ও অন্যান্য সুবিধাদির বিনিময়ে উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে প্রাথমিকভাবে রাজি হয়েছিল। পরবর্তীতে পিয়ংইয়ং বেসামরিক কাজে ব্যবহারের জন্য পারমাণবিক চুল্লির দাবি জানালে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দাবি নাকচ করে দেয়। টোকিও ও ওয়াশিংটনের যুক্তি, পারমাণবিক চুল্লি নির্মাণ ব্যয়বহুল ও সময়সাপেক্ষ ব্যাপার।

ছয় জাতির মধ্যে বিভিন্ন চুক্তির বাস্তবায়নের সময়সীমা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

উত্তর কোরিয়া জোর দিয়ে বলেছে, তারা নিজেরা প্রথমে কোন উদ্যোগ গ্রহণ করবে না।

উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে ২০০২ সালে বিতর্ক শুরু হয়। তখন মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করে জানায়, উত্তর কোরিয়া আন্তর্জাতিক চুক্তির শর্তাবলী ভঙ্গ করে একটি ইউরেনিয়াম ভিত্তিক পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিচালনা করছে।