প্যারিসের দাঙ্গা অব্যাহত: দাঙ্গাবাজদের পরাজিত করতে শিরাকের আহ্বান
প্যারিসের দাঙ্গা পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট দাঙ্গাবাজদের মোকাবেলা করতে কঠোর প্রত্যয় ব্যক্ত করছেন। দাঙ্গার ১০ম রাত পেরিয়ে যাওয়ার পর এক জরুরি বৈঠকের পর শিরাক এ প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, বেশ কয়েকটি স্থানে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় প্রধান কাজ হল, আইন শৃংখলা পরিস্থিতির পুনঃস্থাপন করা।
আফ্রিকান ও আরব বংশোদ্ভূতরাই এসব সংঘর্ষে জড়িত। প্যারিসের দক্ষিণাঞ্চলীয় গ্রিংনি এলাকায় দাঙ্গাবাজরা পুলিশের ওপর গুলি ছুঁড়লে ১০জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।
এছাড়া অরলিন্স, রেনেস ও নেনটেস এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে।
দাঙ্গাবাজরা এ পর্যন্ত ১৩ শ’রও বেশি গাড়ি পুড়িয়ে দিয়েছে। পুলিশ এ পর্যন্ত এসব ঘটনায় তিনশ’ জনকে আটক করেছে।
সংঘর্ষের ব্যাপারে শিরাক এই প্রথম সাংবাদিকদের সামনে মুখ খোলেন। তিনি বলেন, ‘আইনই’ সর্বশেষ শব্দ। যারা সংঘর্ষ ও ভয়ের বিস্তার ঘটাতে চায় এই রাষ্ট্র তাদের তুলনায় অনেক বেশি শক্তিশালী।
শিরাক দাঙ্গাবাজদের গ্রেপ্তার, বিচার ও শাস্তির অঙ্গীকার করেন।
২৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ দাঙ্গার ব্যাপারে এতদিন পর্যন্ত শিরাক কোনও কথা না বলায় বিরোধী রাজনীতিকদের সমালোচনার মুখে পড়েন। এর আগে তার একটি মন্তব্য একজন মুখপাত্রের মাধ্যমে জানা গিয়েছিল।
প্রধানমন্ত্রী ডমিনিক ডি ভেলিপিন এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলাস সারকোজিসহ বেশ কয়েকজন মন্ত্রীর সাথে জরুরি বৈঠকের পর তিনি এসব কথা বলেন।
প্যারিসের অদূরে সস-বঁস এলাকায় বুনা ট্রেঅর (১৫) ও জায়েদ বোনা (১৭) বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার পর দাঙ্গা বাধে। এলাকাবাসীর অভিযোগ, পুলিশ তাদের হত্যা করেছে। পুলিশ অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।
তবে এ ব্যাপারে একটি তদন্ত চলছে।
