ফ্রান্সের সংঘর্ষ টানা ১০ দিনে গড়াল
প্যারিসের সংঘর্ষ টানা ১০ দিনে গড়িয়েছে। শনিবার রাতেও রাজধানীর আশেপাশের নতুন নতুন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
রাজধানীর দক্ষিণ ইসন এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় টোওলুস এলাকায় নতুন করে আক্রান্ত হয়েছে। অভিবাসী দুই যুবকের মৃত্যুকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাধে।
যেভাবেই হোক সংঘর্ষ থামানো হবে-ফরাসি কর্তৃপক্ষের এমন হুশিয়ারির পর হামলার ঘটনা বেড়ে যায়।
শনিবার পর্যন্ত ছয়শ’রও বেশি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মূলত নাইস, লিলি, মার্সেলি ও ডিজন এলাকায় এসব ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলীয় শহর এভারেক্স এবং নরমেন্ডি শহরে কমপক্ষে ৫০টি গাড়ি, শপিং সেন্টার, ডাকঘর ও দুটি স্কুলে দাঙ্গাবাজরা আগুন ধরিয়ে দিয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার পর্যন্ত প্রায় আড়াইশ’ তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
প্যারিসের অদূরে সস-বঁস এলাকায় বুনা ট্রেঅর (১৫) ও জায়েদ বোনা (১৭) বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার পর দাঙ্গা বাধে। এলাকাবাসীর অভিযোগ, পুলিশ তাদের হত্যা করেছে। পুলিশ অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।
তবে এ ব্যাপারে একটি তদন্ত চলছে।
উত্তরাঞ্চলীয় ড্রান্সি শহরে একটি ট্রাকে আগুন ধরানোর সময় দুই তরুণকে পুলিশ হাতে নাতে আটক করেছে।
এদিকে প্যারিসের উপকন্ঠে শনিবার কয়েকশ’ লোক সংঘর্ষের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে।
দাঙ্গা কবলিত অলনি সস বঁস এলাকার বাসিন্দারা ‘সংঘর্ষ নয়-আলোচনা চায়’ লেখা সম্বলিত ব্যানার নিয়ে মিছিল করে।
সংঘর্ষ রোধে প্রধানমন্ত্রী ডমিনিক ভেলিপিন আটজন প্রভাবশালী মন্ত্রী ও প্যারিস মসজিদের প্রধান ঈমাম দলিল ববকারের সাথে বৈঠক করেছেন।
বৈঠকের পর ববকার সরকারকে সুর পরিবর্তন করার আহ্বান জানান।
তিনি বলেন, কর্তৃপক্ষ, নিকোলাস সারকোজি, প্রধানমন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে আমি শান্তির বাণী শুনতে চাই।
এছাড়া প্রধানমন্ত্রী দাঙ্গাকবলিত এলাকার সাধারণ মানুষ ও তরুণদের সাথে কয়েক দফা বৈঠক করেছেন।
