২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসের বাইরেও ছড়িয়ে পড়েছে দাঙ্গা

প্যারিসের দাঙ্গা দ্বিতীয় সপ্তাহে গাড়িয়েছে। এবার তা রাজধানীর বাইরেও ছড়িয়ে পড়েছে। বৃহস্পতি ও শুক্রবার নতুন নতুন এলাকায় দাঙ্গা ছড়িয়ে পড়ে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

দাঙ্গাবাজরা প্যারিসের উপকন্ঠে প্রায় ৫০০ গাড়ি ভাংচুর করেছে এবং দোকান ও ওয়্যার হাউজে আগুন ধরিয়ে দিয়েছে। এ পর্যন্ত ৮০ জনের মত আটক করা হয়েছে।

ডিজিওন শহরের বহু গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দাঙ্গাবাজরা।

আফ্রিকান বংশোদ্ভূত দুই তরুণের মৃত্যুকে কেন্দ্র করে এই দাঙ্গার সূত্রপাত হয়। অভিযোগ ওঠে পুলিশ ওই দুই তরুণকে হত্যা করেছে।

প্রধানমন্ত্রী ডমিনিক ডি ভেলিপিন পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে সংঘর্ষে রোধে সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করেন। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার আহ্বান জানান।

বেশিরভাগ হামলাই হয়েছে অভিবাসী অধ্যুষিত এলাকায়।

আগের রাতে তরুণ দাঙ্গাবাজদের লাঠিসোটা ও কাচের বোতল নিয়ে মহড়া দিতে দেখা গেছে। যেখানেই যা কিছু পেয়েছে তাই ভাংচুর করেছে তারা। ভোরের দিকে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

উত্তর সেভরান এলাকায় একটি বাসে ককটেল ছোঁড়া হলে ৫৬ বছর বয়সী একজন বাস যাত্রী অগ্নিদগ্ধ হয়েছে।

বিভিন্ন স্থানে পুলিশকে লক্ষ্য করে পাথর ও গুলি ছোঁড়া হয়েছে। এসব ঘটনায় চার পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। সিন সায়েন্ট ডেনিস এলাকায় দাঙ্গাবাজরা একটি স্কুল ভবনে আগুন ধরিয়ে দেয়। স্কুলটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ বলছে এ পর্যন্ত ৫১৯টি গাড়িতে আগুন ধরানো হয়েছে।

মেসনিল এলাকার একটি কার্পেট ওয়্যার হাউজে আগুন ধরিয়ে দেওয়া হলে প্রায় একশ’ জন অগ্নি নির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে আনে।

সস-বঁস এলাকায় বুনা ট্রেঅর (১৫) ও জায়েদ বোনা বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার পর দাঙ্গা বাধে। এলাকাবাসীর অভিযোগ, পুলিশ তাদের হত্যা করেছে। পুলিশ অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।

তবে এ ব্যাপারে একটি তদন্ত চলছে।