বাহরাইনে প্রথম বেসরকারি রেডিও স্টেশন চালু
বাহরাইনে প্রথমবারের মত বেসরকারি রেডিও স্টেশন চালু হতে যাচ্ছে। সীফের আলমোয়ায়েড টাওয়ার থেকে ৯৪ দশমিক আট এফএম-এ রেডিওতে বিভিন্ন অনুষ্ঠান শোনা যাবে। এক মাসে তিন দফায় পরীক্ষা নিরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে তা উদ্বোধন করা হচ্ছে।
রেডিও চ্যানেল ‘সত আল ঘাদ (ভবিষ্যতের কন্ঠ)-এ কোন সংবাদ বা রাজনৈতিক প্রতিবেদন নয়, বরং কেবল সংস্কৃতি, শিল্প, কুইজ ও খেলাধূলা জাতীয় অনুষ্ঠানই সম্প্রচারিত হবে বলে রেডিওর মুখপাত্র মোহাম্মদ আল শেরুকী জানিয়েছেন।
বাহরাইনের সবচে উঁচু ভবন আল মোয়াদ টাওয়ারে স্থাপিত এই স্টেশনে বাহরাইন ও আরব কর্মীদের নিয়োগ দেওয়া হবে।
বাহরাইন রেডিও উপসাগরীয় অঞ্চলের প্রথম রেডিও চ্যানেল। ১৯৪১ সালে রেডিও স্টেশন প্রথম সম্প্রচার শুরু করলেও ১৯৪৫ সালে তা বন্ধ হয়ে যায়। পুনরায় ১৯৫৫ সালের জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় এবং ১৯৯১ সালে ২৪ ঘন্টা অনুষ্ঠান সম্প্রচার শুরু করে এটি। ১৯৭৭ সালে ইংরেজী ভাষায় সম্প্রচার চালু হয়।
বাহরাইন টেলিভিশনের সব চ্যানেল রাষ্ট্র নিয়ন্ত্রিত হলেও বিদেশী চ্যানেলও বাহরাইন থেকে সম্প্রচারের অনুমতি পায়।
বাহরাইনে ২০০১ সালে সুপ্রীম প্রাইভেটাইজেশন কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। ২০০২ সালে কিং হামাদ বিন আইজা আল খলিফা পর্যটন, টেলিযোগাযোগ, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, পানি, বন্দর, বিমান, তেল, গ্যাস ও ডাক বিভাগ বেসরকারিকরণের ওপর ডিক্রি জারি করেন।
