২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকায় তীব্র খাদ্য সংকটে ডব্লিউএফপি’র সাহায্যের আবেদন

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি আফ্রিকার দক্ষিণাঞ্চলে তীব্র খাদ্য সংকট মোকাবেলা করতে ১৫০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি জরুরী সাহায্যের আবেদন জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 09:52 AM

Updated : 26 Apr 2022, 06:15 PM

বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে দিয়ে বলেছে, জাম্বিয়া, জিম্বাবুয়ে, মালাবি, মোজাম্বিক, লেসোথো এবং সোয়াজিল্যান্ড-এ ছয়টি দেশের প্রায় ১০ লাখ মানুষের জন্য জরুরী খাদ্য সহায়তা প্রয়োজন।

খরা, এইচআইভি/এইডস এবং তীব্র দরিদ্রতা খাদ্য সংকটে অন্যতম কারণ।

জিম্বাবুয়ের প্রত্যন্ত গ্রামের শিশুদের মাঝে ইতোমধ্যে অপুষ্টির ছাপ সুস্পষ্ট। দিনে এক বেলা খেয়ে বেঁচে থাকতে হচ্ছে তাদের।

বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, আগামী এপ্রিলে চাষাবাদের আগে ওই ছয়টি দেশে খাদ্য সহায়তা প্রেরণ করতে হবে। কিন্তু এ জন্য প্রয়োজনীয় চারশ’ মিলিয়ন মার্কিন ডলার ঘাটতি রয়েছে।

অর্থের যোগান না হলে ক্ষুধাপীড়িত মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

সংস্থার দক্ষিণ আফ্রিকা অঞ্চলের পরিচালক মাইক স্যাকেট বলেন, শীর্ণ শিশুদের শরীর টেলিভিশনের পর্দায় দেখানোর আগেই দক্ষিণ আফ্রিকার শিশুদের সাহায্যের প্রয়োজন।

এক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচে বৃহৎ দাতা দেশ। যুক্তরাষ্ট্র একশ’ মিলিয়নেরও বেশি এবং ইউরোপীয় ইউনিয়ন ৬৪ মিলিয়ন মার্কিন ডলার দিলেও স্যাকেট বলেন, তেলের মূল্য বৃদ্ধি সত্ত্বেও তেল সমৃদ্ধ দেশগুলোর কেউ অর্থ সাহায্য দেয়নি। বিশ্ব খাদ্য কর্মসূচি উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে সাহায্য পাওয়ার চেষ্টা করছে।

আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ জিম্বাবুয়ে এক্ষেত্রে সবচে বেশি ক্ষতিগ্রস্ত। সেখানকার চার দশমিক তিন মিলিয়ন মানুষের খাদ্য সাহায্য প্রয়োজন।

জিম্বাবুয়ে সরকার বৈদেশিক সাহায্যের ব্যাপারে হতাশা প্রকাশ করলেও গীর্জা নেতারা বলেছে, সরকারি খাদ্য প্রেসিডেন্ট মুগাবের দল জানু-পিএফ-এর সমর্থকদের দেওয়া হচ্ছে।

মুগাবে সরকার বিগত সময়ে বরাবরই বৃষ্টির অভাবকে খাদ্য সংকটের জন্য দায়ী করেছে।