২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু প্রতিরোধে জাতীয় পরিকল্পনা হাতে নিয়েছেন বুশ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বার্ড ফ্লু প্রতিরোধে সাত দশমিক এক বিলিয়ন মার্কিন ডলারের জাতীয় কৌশল নির্ধারণের কথা বলেছেন। সেইসঙ্গে প্রতিষেধক তৈরির ওপরও জোর দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 09:15 AM

Updated : 26 Apr 2022, 06:15 PM

বুশ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রেও কোন না কোন সময় বার্ড ফ্লু’র প্রভাব দেখা দিতে পারে।

এ পরিকল্পনার অধীনে সেল কালচার প্রযুক্তি ব্যবহার করে প্রতিষেধক তৈরির জন্য দুই দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।

এদিকে ডেমোক্র্যাটরা প্রেসিডেন্টের সমালোচনা করে বলেছেন, বার্ড ফ্লু প্রতিরোধ প্রস্তুতিতে পদক্ষেপ খুবই ধীর।

মেরিল্যান্ডের মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অব হেল্থ-এ প্রেসিডেন্ট বুশ বলেন, এভিয়ান ফ্লু বর্তমানে এমন রূপ নিয়েছে, যে তা দেশব্যাপী ছড়িয়ে পড়তে পারে। এ ভাইরাস মানবদেহে সংক্রমিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। আর এ কারে তা পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রকে তাই প্রস্তুত থাকতে হবে, প্রতিষেধক মজুদ রাখতে হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে এ ভাইরাস ছড়িয়ে পড়লে যেন ফেডারেল, রাজ্য এবং স্থানীয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করা যায়, সে ব্যাপারে প্রস্তুত থাকতে হবে।

২০০৩ সালে প্রথম বার্ড ফ্লু ধরা পড়ার পর বিশ্বের দশ লাখ পাখি মেরে ফেলা হয়। রাশিয়া, ক্রোয়েশিয়া, তুর্কি এবং রোমানিয়াতেও এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

বার্ড ফ্লু’র জন্য দায়ী এইচ৫এন১ ভাইরাসের কারণে দক্ষিণ পূর্ব এশিয়ায় ২০০৩ সাল থেকে এ পর্যন্ত ৬০ জন মারা গেছে। তবে তা মানব দেহ থেকে মানব দেহে ছড়িয়ে পড়ার সম্ভবনা বেশ কম।