বসরায় গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত ২০
ইরাকের দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক শহর বসরায় গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে।
সন্ধ্যায় ইফতারি শেষে আলজিয়ার্স স্ট্রিট এলাকায় জনাকীর্ণ দোকান ও রেস্টুরেন্টের সামনে এ বোমা বিস্ফোরিত হয়।
পুলিশের গাড়িবহরকে লক্ষ্য করে বোমাটি বিস্ফোরিত হয়। নিহতদের মধ্যে ছয় জন পুলিশ কর্মকর্তা রয়েছে বলে জানা গেছে।
ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর বসরা ব্রিটিশ সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় সময় সাড়ে ৮টার দিকে (জিএমটি ৫.৩০ মিনিট) বোমা বিস্ফোরণে অন্তত চারটি গাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়। এ ঘটনার পরপরই সেখানে ব্রিটিশ ঘাঁটির অদূরে রকেট চালিত গ্রেনেড বিস্ফোরিত হয়।
এদিকে পেন্টাগনের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৪ সালের জানুয়ারি থেকে গেরিলা হামলায় প্রায় ২৬ হাজার ইরাকি হতাহত হয়েছে।
