হত্যা মামলার শুনানির মুখোমুখি মার্কিন সেনা
ইরাকে দুইজন উর্ধ্বতন মার্কিন কর্মকর্তাকে হত্যার অভিযোগে অভিযুক্ত এক মার্কিন সেনাকে বিচারের মুখোমুখি হতে হবে কিনা, তা নির্ধারণ করতে অভিযুক্ত সেনা বিচারপূর্ব শুনানির মুখোমুখি হয়েছেন।
স্টাফ সার্জেন্ট আলবার্তো মার্টিনেজের বিরুদ্ধে ইরাকের তিকরিতে ৭ জুনের ক্যাপ্টেন ফিলিপ এসপজিটো ও লে. লুইস অ্যালেনকে হত্যার অভিযোগ আনা হয়।
উর্ধ্বতন কর্মকর্তা হত্যার অভিযোগে এই প্রথম ইরাকে মোতায়েনকৃত প্রথম কোনও মার্কিন সেনা বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।
বিবাদী পক্ষের আইনজীবীরা বলেছেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগের সাথে যে, সে জড়িত-এমন কোন সাক্ষ্য প্রমাণ নেই।
অপরাধ প্রমাণিত হলে সার্জেন্ট মার্টিনেজকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।
কুয়েতের মার্কিন সামরিক কারাগারে আটক থাকা সার্জেন্ট মার্টিনেজের শুনানি সেখানকার একটি মার্কিন ঘাঁটিতে অনুষ্ঠিত হয়।
রাজধানী কুয়েত সিটির দক্ষিণের মার্কিন ঘাঁটি ক্যাম্প আরিফজানে একজন তদন্ত কর্মকর্তার সামনে সাতজন সাক্ষীকে জেরার মাধ্যমে শুনানি অনুষ্ঠিত হয়।
সামরিক আইনে সার্জেন্ট মার্টিনেজের বিচার হবে কিনা কর্নেল প্যাট্রিক রেইনার্ট সে ব্যাপারে মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের একটি প্রাসাদের কাছে বিস্ফোরণের ঘটনায় এসপজিটো ও অ্যালেন নিহত হন। প্রাসাদটি এখন মার্কিন ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে।
ঘটনার প্রাথমিক তদন্তে দেখা গেছে, ওই দুই কর্মকর্তাকে মর্টার হামলা চালিয়ে হত্যা করা হয়েছে।
মর্টার হামলার বিষয়টি সোমবারের শুনানিতে অংশ নেয়া কিছু সাক্ষী স্বীকার করেছেন।
একজন সাক্ষী বলেছেন, অভিযুক্ত আসামী তার কাছে স্বীকার করেছেন যে, তিনি নিহতদের একজনকে হত্যা করতে চান।
বিবাদী পক্ষের উকিল তার মক্কেলের বিরুদ্ধে আনীত অভিযোগকে মূল্যহীন যুক্তি ও ধারণা প্রসূত বলে আখ্যায়িত করেছেন।
