২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান বন্দিকে নির্যাতনের অভিযোগে ২ মার্কিন সেনা অভিযুক্ত

আফগানিস্তানে মার্কিন সামরিক ঘাঁটিতে দুই আফগান বন্দিকে বুকে, কাঁধে ও পেটে আঘাত ক্রমাগত নির্যাতন চালানোর অভিযোগে দুই মার্কিন সেনাকে অভিযুক্ত করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 01:07 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

রোববার এক বিবৃতিতে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে নির্যাতন করার ষড়যন্ত্র ও দায়িত্বে অবহেলার অভিযোগও আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সামরিক আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

বিবৃতিতে বলা হয়, নির্যাতিত দুই বন্দির মেডিকেল সহায়তার ব্যাপারে কোন উদ্যোগ নেয়া হয়নি।

মার্কিন সামরিক মুখপাত্র লে. কর্ণেল জেরি ও’হারা বলেন, অভিযুক্ত মার্কিন সেনারা এখনও আফগানিস্তানে তাদের প্রাথমিক দায়িত্ব পালন করছে। তবে বন্দিদের সাথে সম্পর্কিত এমন কোন দায়িত্বে তারা নেই।

ও’হারা বলেন, জুলাইয়ের শুরুর দিকে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশের একটি মার্কিন ঘাঁটিতে এই বন্দি নির্যাতনের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, ওই বন্দিদের একজনকে ইতোমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যজন আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর সদর দপ্তর বাগরামে এখনও বন্দি রয়েছে।

এ ব্যাপারে আফগান সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি।