দিল্লীতে বোমা বিস্ফোরণে বিশ্ব নেতাদের নিন্দা
মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং পাকিস্তান শনিবার দিল্লীর বোমা বিস্ফোরণকে বর্বরোচিত ও সন্ত্রাসী কার্যক্রম বলে উল্লেখ করে নিন্দা জানিয়েছে।
ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ একজন কর্মকর্তা বলেন, আমরা কঠোর ভাষায় এ হামলার নিন্দা জানাচ্ছি। তিনি এ ঘটনাকে কাপুরুষোচিত উল্লেখ করে আরও বলেন, হামলাকারীরা অচিরেই ধরা পড়বে এবং তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে একটি বার্তা পাঠিয়েছেন। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র এ হামলাকে মানববিদ্বেষীমূলক সন্ত্রাসী হামলার আরেকটি উদাহরণ বলে উল্লেখ করেন।
ইউরোপীয় ইউনিয়ন কঠোর ভাষায় বোমা হামলার সমালোচনা করেছে।
ইইউ পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জেভিয়ার সোলানা এক বিবৃতিতে বলেন, জঘন্য এ অপরাধের জন্য হামলাকারীদের বিচার করতে হবে।
পাকিস্তান এ হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করে গভীর দুঃখ প্রকাশ করেছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে সার্বিক তদন্তের কথা বলা হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খান দিল্লী বিস্ফোরণকে দুর্ভাগ্যজনক, কাপুরুষোচিত এবং ঘৃণ্য কাজ বলে উল্লেখ করে বলেন, কোন মানব জাতির পক্ষে তা সহ্য করা সম্ভব নয়।
মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রী আহমেদ শহীদ হতাহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকি, প্রেসিডেন্ট এ পি জে আব্দুল কালামকে এক বার্তায় তার সরকার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করেন।
