ভারতে পেঁয়াজের মূল্যবৃদ্ধি: জনমনে ক্ষোভ, সৃষ্টি হয়েছে রাজনৈতিক সঙ্কট
নয়াদিল্লীসহ ভারতের আরও কয়েকটি রাজ্যে ব্যাপক হারে পেঁয়াজের ঘাটতি দেখা দেওয়ায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। এছাড়া দেশটির রাজনৈতিক অঙ্গনেও সংকট তৈরি হয়েছে।
ভারী বর্ষণ এবং আর্দ্র আবহাওয়ার কারণে পেঁয়াজ উৎপাদনকারী রাজ্যগুলোতে এবার পেঁয়াজ চাষে বিলম্ব হয়ে যায়। তাছাড়া উত্তোলিত পেঁয়াজ গুদামজাত করার আগে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাওয়ায় পেঁয়াজের পাইকারী মুল্য পাঁচ গুণ বেড়ে যায়।
ভারতে রান্নায় একটি অত্যাবশ্যকীয় উপাদান পেঁয়াজ। বিশেষ করে উৎসবের মৌসুমে দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাথায় হাত পড়েছে।
পেঁয়াজের মূল্য বৃদ্ধির খবর গত কয়েক সপ্তাহ ধরে প্রধান দৈনিকগুলোর শিরোনাম হয়েছে। বিক্ষুব্ধ ক্রেতাদের ছবিসহ সম্পাদকীয় লেখা হয়েছে কয়েক দফা।
প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, তিনি প্রতিদিনের পরিস্থিতি তদারকি করছেন।
এদিকে পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে এখন কংগ্রেসেরও দুঃসময় যাচ্ছে। আর এ সুযোগটা কাজে লাগাতে চাইছে বিজেপি নেতারা। দুর্যোগ মোকাবেলায় ব্যর্থ হওয়ায় বিজেপি’র দিল্লী সভাপতি হর্ষ বর্ধন কংগ্রেস সরকারের মূখ্য মন্ত্রী শীলা দিক্ষীতের পদত্যাগ দাবি করে বসেছেন।
ভারতে পেঁয়াজের মূল্যবৃদ্ধি এটাই প্রথম নয়। ভারতীয় রাজনীতির সঙ্গে পেঁয়াজের সম্পর্ক ওতোপ্রোতোভাবে জড়িত। ইন্দিরা গান্ধী জনতা পার্টিকে নির্বাচনে প্রতিহত করতে পেঁয়াজের উচ্চ মূল্যকে সফলভাবে ব্যবহার করতে সমর্থ হন। ১৯৮০ সালের নির্বাচনকে তিনি ‘দ্য অনিয়ন ইলেকশন’ নামকরণ করেন।
এছাড়াও পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে না রাখতে পারার কারণে ১৯৯৮ সালের নির্বাচনে রাজস্থান ও দিল্লীতে বিজেপির ভরাডুবি হয়।
দেশের প্রয়োজন মেটাতে পাকিস্তানের কাছ থেকে দুই হাজার টন পেঁয়াজ কিনছে করেছে ভারত। কিন্তু এসব পেঁয়াজ বিক্রির ক্ষেত্রেও ভর্তুকি দিতে হবে সরকারকে।
অবিশ্বাস্য হলেও সত্যি, ভারতে পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখার ওপরে রাজনীতিবিদদের ক্ষমতায় থাকার ব্যাপারটি অনেকখানি নির্ভর করে। বিগত সময়ে অবশ্য এমনটিই দেখা গেছে।
