ক্যারিবীয় অঞ্চলে নতুন ঝড়ের সতর্কতা
সেন্ট্রাল আমেরিকার পূর্ব উপকূলে নতুন করে সৃষ্টি হওয়া গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বেটা সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মার্কিন আবহাওয়াবিদরা সতর্ক করে দিয়েছেন।
মার্কিন আবহাওয়াবিদরা বলেছেন, সপ্তাহান্তে নিকারাগুয়ায় আঘাত হানার আগে বেটা ঝড়টি আরও শক্তিশালী হতে পারে। বেটা ঝড়ের ফলে ব্যাপক বৃষ্টিপাত হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।
ক্যারিবীয় সাগরে সৃষ্টি হওয়া বেটা আটলান্টিক মৌসুমে রেকর্ড ২৩তম ঝড়।
চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রীষ্মমণ্ডলীয় অপর ঝড় আলফার ছোবলে ক্যারিবীয় অঞ্চলে কমপক্ষে ২৬ জন নিহত হয়।
ঝড়ের কারণে সৃষ্ট সম্ভাব্য ভারী বৃষ্টিপাত হন্ডুরাসের তুলনায় পানামার উপর ব্যাপক প্রভাব ফেলবে বলে জরুরি কর্মীরা আশংকা করছেন।
চলতি মাসের শুরুর দিকে হারিকেন স্টানের ছোবলে গুয়াতেমালায় ভূমিধসে কয়েক শ’ লোক নিহত হয়েছিল।
বেটা শ্লথ গতিতে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং শুক্রবারের মধ্যেই তা হারিকেনে রূপ নেবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের হারিকেন সেন্টার জানিয়েছে।
নিকারাগুয়ার উপকূলীয় এলাকায় কলম্বিয়ান দ্বীপ সান আন্ড্রেতে আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হলেও, সেখানকার ৮০,০০০ অধিবাসীদের বাড়িঘর ছেড়ে দিতে স্পষ্ট কোন সরকারি নির্দেশ এখন পর্যন্ত দেওয়া হয়নি।
১৮৫১ সালের পর থেকে এই প্রথম কোন মৌসুমে আটলান্টিক অঞ্চলে এত বেশি ঝড়ের সৃষ্টি হল।
