২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরাইলি বিমান হামলা, নিহত ৭

ইসরাইলের উত্তরাঞ্চলে আত্মঘাতী বোমা হামলার একদিন পর ইসরাইল গাজা উপতক্যায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2005, 08:57 AM

Updated : 26 Apr 2022, 06:14 PM

নিহতদের মধ্যে ইসলামিক জিহাদের একজন শীর্ষ নেতা ও ইসলামী জঙ্গি গোষ্ঠির তিন সদস্য রয়েছে।

ইসরাইলের হাদেরা শহরে আত্মঘাতী বোমা হামলার পর ইসরাইলি প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। ওই হামলায় পাঁচজন ইসরাইলি নিহত হয়।

তবে ইসলামিক জিহাদ হামলার দায়দায়িত্ব স্বীকার করে বলে, তাদের একজন শীর্ষ নেতা হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে ওই হামলা চালানো হয়।

প্রতক্ষদর্শীরা জানান, ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় একটি সাদা সাবুরা কার পুরোপুরি ধ্বংস হয়।

এ হামলায় উত্তরাঞ্চলীয় গাজার ইসলামিক জিহাদের ফিল্ড কমাণ্ডার শাদি মোহান্না তার একজন সহযোগীসহ নিহত হয়।

এসময় তিনজন পথচারিও নিহত হয় এবং আহত হয় আরও ১৫ জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক

পবিত্র রমজান মাসে তারাবির নামাজের পরপরই এ হামলা চালানো হয়।

ইসরাইল সামরিক বাহিনী জানায়, যে গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, সেটিতে ইসলামিক জিহাদের সন্ত্রাসী ছিল।

ইসরাইলি সেনাসূত্র আরও জানায়, নিহত ইসলামিক জিহাদের ফিল্ড কমাণ্ডার বেশ কয়েকটি হত্যাকাণ্ডের সাথে জড়িত।

গাজায় বিমান হামলার পর ইসলামিক জিহাদের একজন স্থানীয় নেতা বলেন, এ ঘটনার প্রতিশোধ হিসেবে তারা আবারও হামলা চালাবে।

এর আগে ইসরাইলি সেনারা ইসলামিক জিহাদের অপর একজন শীর্ষ নেতা আব্দেল খালিদ ইজেদিনকে পশ্চিম তীরের জেনিন থেকে গ্রেপ্তার করে।