২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বায়ন নিয়ে আলোচনা করবেন ইইউ রাষ্ট্রপ্রধানরা

বিশ্বায়নের কারণে সৃষ্ট অর্থনৈতিক সমস্যা মোকাবেলার ব্যাপারে আলোচনা করতে লন্ডনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সরকার প্রধানরা শিগগিরই এক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 01:14 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বর্তমান প্রেসিডেন্ট দেশ ব্রিটেনের রাজধানী লন্ডনের কাছাকাছি হ্যাম্পটন কোর্টে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের আমন্ত্রণে অনানুষ্ঠানিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

মিস্টার ব্লেয়ার ইউরোপীয় পার্লামেন্টকে বলেন, ইইউকে যে বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে এমন ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় তিনি চিহ্নিত করা হয়েছে। বিষয়গুলো নিয়েই সম্মেলনে প্রধানত আলোচনা হবে।

ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্য বলেছেন, ইইউ বাজেট ও সংবিধান সংক্রান্ত যে সমস্যাগুলো উদ্ভূত হয়েছে, তার ওপর প্রধানমন্ত্রী ব্লেয়ার গুরুত্ব আরোপ করতে চান।

মিস্টার ব্লেয়ার বুধবার বলেন, ইউরোপীয় সরকার প্রধানরা যদি তাদের নাগরিকদের দেখাতে পারেন যে, বিশ্বায়ন, সন্ত্রাসবাদ, বিশ্বের উষ্ণতা এবং অভিবাসী ইস্যুর মতো ব্যাপারগুলো সঠিকভাবে মোকাবেলা করতে ইইউ সক্ষম, তাহলে তা ইউরোপকে আবার ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মিস্টার ব্লেয়ার আরও বলেন, তিনি আশা করেন চীন ও ভারতের পক্ষ থেকে ইউরোপ যেসব হুমকির সম্মুখীন হচ্ছে, তার বিশ্লেষণ সম্পর্কিত ইউরোপীয় কমিশনের ‘স্টার্ক এনালাইসিস’ নামের রিপোর্টটি ইইউ সরকার প্রধানরা বৃহস্পতিবার অনুমোদন করবেন।