ইংল্যান্ডে ধূমপান নিষিদ্ধ করতে মন্ত্রিপরিষদ সম্মত
ইংল্যান্ড জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ করতে যাচ্ছে। এ ব্যাপারে দেশটির মন্ত্রিপরিষদ একটি পরিকল্পনার ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে সমর্থ হয়েছে।
জনসমক্ষে ধূমপান নিষিদ্ধের ব্যাপারে মন্ত্রীরা ঐকমত্যে পৌঁছাতে সমর্থ হলেও ক্লাব ও পানশালাগুলোতে ধূমপান নিষিদ্ধের ব্যাপারটি নতুন আইনের আওতায় রাখা হয়নি। ক্লাব ও পানশালাগুলোতে ধূমপান নিষিদ্ধ করা হবে কি না সে দায়িত্ব তাদের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে।
কয়েকদিনের বিতর্ক ও ক্ষমতাসীন লেবার পার্টির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ধূমপান নিষিদ্ধকরণের নতুন এ পদক্ষেপটি নেওয়া হল।
তবে সর্বক্ষেত্রে ধূমপান নিষিদ্ধের পক্ষে জোর প্রচারণা চালানো স্বাস্থ্যমন্ত্রী প্যাট্রিসিয়া হিউইটের জন্য এটি বড় ধরনের ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন সরকারের উদ্যোগকে চরম হতাশজনক বলে আখ্যায়িত করেছে। তাদের ভাষায়, সরকার চমৎকার একটি সুযোগ হারিয়েছে।
নতুন পরিকল্পনার আওতায় তিন বছর পর সিদ্ধান্তটি পর্যালোচনা করার বিষয়টি রাখা হয়েছে।
ইউনিয়ন, ধূমপান-বিরোধী প্রচারণাকারী ও লেবার পার্টির কম প্রভাবশালী নেতারা স্কটল্যান্ড, ওয়েল্স এবং উত্তর আয়ারল্যান্ডের সাথে সামঞ্জস্য রেখে পুরোপুরি ধূমপান নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিলেন।
মিস হিউইট নির্দিষ্ট ও বদ্ধ কক্ষে ধূমপানের অনুমতির দেয়ার পক্ষপাতি ছিলেন। কিন্তু মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের চাপে পড়ে তাকে তার অবস্থান থেকে সরে আসতে হয়।
তবে মিস হিউইট বলেছেন, তার প্রস্তাবটি বৃহস্পতিবারের কমন্স সভায় উপস্থাপিত করা হবে এবং সেখানে সেটি ব্যাপক সমর্থন পাবে।
কিন্তু ব্রিটেনের ক্যান্সার রিসার্চের প্রধান কার্যনির্বাহী অধ্যাপক অ্যালেক্স মার্কহ্যাম বলেছেন, কোন প্রকার ব্যতিক্রম ছাড়া সর্বক্ষেত্রে ধূমপান নিষিদ্ধ করতে চিকিৎসক, স্বাস্থ্য ও দাতা সংস্থা এবং সাধারণ জনগণ যে দাবি জানিয়ে আসছিল, সরকার সে দিকটি কর্ণপাত করেনি।
ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জেম্স জনসন বলেছেন, জনস্বাস্থ্য রক্ষায় সরকার একটি বড় ধরনের সুযোগ হারিয়েছে।
