ইরানের প্রেসিডেন্টের মন্তব্যে ব্রিটেন ক্ষুব্ধ
ইসরাইলকে ধ্বংস করার আহ্বান জানিয়ে ইরানের প্রেসিডেন্ট যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানাতে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের এক শীর্ষ কূটনৈতিককে তলব করতে যাচ্ছে।
ইহুদি রাষ্ট্র ইসরাইলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলতে ইরানের ডানপন্থি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আহ্বান জানিয়েছেন।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশে নিযুক্ত ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে বৃহস্পতিবার ডেকে পাঠিয়েছে। মন্ত্রণালয় বলেছে, প্রেসিডেন্টের মন্তব্য চরম বিরক্তিকর।
প্রেসিডেন্টের মন্তব্য ইরানের পারমাণবিক উচ্চাশা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, মাহমুদ আহমাদিনেজাদ যে সহিংসতাকে সমর্থন জানান তার এ মন্তব্যের মাধ্যমে তা ফুটে ওঠেছে।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী সিলভান শালোম ইরানকে সুস্পষ্ট ও বর্তমান কালের বিপদ বলে আখ্যায়িত করেছেন।
মিস্টার শালোম বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি করতে ইরান যে একটি কর্মসূচি পরিচালনা করছে এটা পরিষ্কার।
পারমাণবিক বোমা তৈরির অভিযোগ ইরান বরাবরই অস্বীকার করে আসছে। তবে তারা বলেছে, শান্তিপূর্ণ ও জনকল্যাণকর উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করার অধিকার তাদের রয়েছে।
