চীনের পদদলিত হয়ে ৭ শিশুর মৃত্যু
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে সাত শিশু নিহত এবং ৩৭ জন আহত হয়েছে।
চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানায়, সিচুয়ান প্রদেশের তোনজিয়াং কাউন্টির একটি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার সান্ধ্যকালীন পাঠ শেষে নিচের সিঁড়িতে শিশুরা চিৎকার শুরু করলে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
তোনজিয়াং কাউন্টির এ প্রাণহানির ঘটনায় সরকারি কর্মকর্তারা ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন। তবে সিঁড়ির ভিত্তির সমস্যার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে প্রদেশ কর্তৃপক্ষ তা নাকচ করে দিয়েছে।
স্থানীয় সংবাদপত্রগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, ‘ভুত আসছে বলে’-কিছু ছেলেমেয়ে চিৎকার শুরু করলে এ ঘটনা ঘটে।
২০০৪ সালের ফেব্রুয়ারিতে রাজধানী বেইজিংয়ে লুনার নিউ ইয়ার উৎসবে পদদলিত হয়ে ৩৭ জন নিহত হয়েছিল।
