গাজার অবকাঠামো পুনর্বাসনে যুক্তরাষ্ট্রের ৫ কোটি ডলার অনুদান
গাজার অবকাঠামো পুনর্বাসনের কাজে সহায়তা করতে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন কর্তৃপক্ষকে পাঁচ কোটি ডলার অনুদান প্রদান করেছে।
চলতি বছরের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট বুশের দেওয়া অঙ্গীকার পূরণ করতেই এ অনুদান প্রদান করা হয় বলে বাংলাদেশে মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়।
এতে বলা হয়, ২১ অক্টোবর পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র ২৩ আগস্ট এ অর্থ হস্তান্তর করে।
অনুদানের অর্থ খরচ করতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) সাথে পরামর্শ করে ফিলিস্তিন কর্তৃপক্ষ সড়ক, বাড়িঘর, স্কুল, পানি ও পয়ঃনিস্কাশন, বিদ্যুৎ ও স্বাস্থ্যসহ অগ্রাধিকারভিত্তিক প্রকল্পসমূহের একটি তালিকা তৈরি করেছে। দু’টি সড়ক প্রকল্প ইতোমধ্যেই অনুমোদিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
