২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে সম্পাদককে কারাদণ্ডের ঘটনায় জাতিসংঘের নিন্দা

ইসলাম বিরোধী প্রবন্ধ প্রকাশের অভিযোগে আফগানিস্তানের একটি আদালত সেদেশের একটি নারী বিষয়ক ম্যাগাজিনের সম্পাদককে দুই বছরের কারাদণ্ড দেয়ায় জাতিসংঘ নিন্দা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 12:46 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

হাকুক-ই-জান (নারী অধিকার) নামের নারী সংক্রান্ত ম্যাগাজিনটির সম্পাদক আলী মোহাকিক নাসাবের বিরুদ্ধে শনিবার এ রায় দেয়া হয়। সম্প্রতি ম্যাগাজিনটিতে ইসলাম সম্পর্কে বেশ কয়েকটি প্রবন্ধ ছাপা হয়েছে।

ম্যাগাজিনটিতে প্রকাশিত একটি প্রবন্ধে মুসলমানদের অন্য ধর্মে ধর্মান্তরিত হওয়ায় পাথর ছুড়ে মারার আইনের ইসলামী ব্যাখ্যার সমালোচনা করা হয়। এছাড়া অবৈধ যৌনাচারের শাস্তি হিসেবে ১০০ দোররা মারার ইসলামী আইনেরও সমালোচনা করা হয়।

জাতিসংঘ বলেছে, বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন।

জাতিসংঘ মুখপাত্র আদ্রিয়ান এডওয়ার্ডস বলেন, আমরা নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষন করছি।

আফগানিস্তানের কনজারভেটিভ ইসলামী ধর্মগুরুদের কার্যত নিয়ন্ত্রণাধীন কাবুলের প্রাইমারি কোর্ট সম্পাদক মোহাকিকের বিরুদ্ধে রায়টি প্রদান করেন।

২০০৪ সালের মার্চে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই স্বাক্ষরিত গণমাধ্যম আইনে ইসলামের সমালোচনা নিষিদ্ধ করা হয়। ইসলামী শরীয়া আইনের সাথে সামঞ্জস্য রেখে আইনভঙ্গকারীদের শাস্তির বিষয়টি এতে অন্তর্ভূক্ত করা হয়।

মোহাকিক সেকেন্ড কোর্টে আপিল করেছেন। তবে শুনানি কবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে কোন কিছু জানা যায়নি।

নিউইয়র্ক ভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট ও স্থানীয় গণমাধ্যম রক্ষা কমিটি মোহাকিকের তাৎক্ষণিক মুক্তি দাবি করেছে।