গাজায় নতুন করে ইসরাইলি বিমান হামলা
ইসরাইলি সামরিক বাহিনী গাজা উপত্যকার ফিলিস্তিনি লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, বিদ্রোহীদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সেনাবাহিনী বিমান হামলা ও আর্টিলারি হামলা চালিয়েছে।
ফিলিস্তিনের হাসপাতাল সূত্র জানায়, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরাইলি মিসাইল হামলায় পাঁচ ব্যক্তি আহত হয়। এছাড়া একটি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
ইসলামিক জিহাদের শীর্ষ এক কমান্ডার হত্যার প্রতিবাদে সংগঠনটি গাজা উপত্যকায় ইসরাইলের লক্ষ্যবস্তুতে রকেট হামলার কয়েক ঘন্টা পরই ইসরাইলি সেনাবাহিনী এ হামলা চালায়।
ইসলামিক জিহাদ বলেছে, পশ্চিম তীরের তুলকারেমে ইসরাইলি অভিযানে নিহত কমান্ডার লুয়ে সাদি হত্যার প্রতিবাদে তারা গাজার উত্তরাঞ্চল থেকে বিশটি রকেট হামলা চালায়।
সম্প্রতি বেশ কয়েকটি বোমা হামলায় ইসরাইলি নাগরিক নিহত হওয়ার মূল পরিকল্পনাকারী হিসেবে ইসরাইল কমান্ডার সাদিকে দায়ী করেছে।
ইসরাইলের প্রথম হেলিকপ্টার হামলায় ফাত্তাহ রাজনৈতিক দলের একটি অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরাইলি অভিযানে আল-আকসা মার্টায়ার্স ব্রিগেডের সদস্য মাজিদ আল-আসকারও নিহত হয়েছে।
ফিলিস্তিনের প্রধান জঙ্গি সংগঠন হামাস বলেছে, তারা একটি অনানুষ্ঠানিক অস্ত্রবিরতি পালন করছে।
ফিলিস্তিনের প্রধান মধ্যস্থতাকারী সায়েব এরাকাত সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরাইলের নতুন অভিযানের ফলে অস্ত্রবিরতি ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, তুলকারেমে ইসরাইলের অনুপ্রবেশ ও হত্যাকাণ্ডের ঘটনায় আমরা নিন্দা প্রকাশ করছি। এটা অস্ত্র বিরতিকে হুমকির মুখে ফেলে দেবে।
