হারিকেন উইলমা কিউবায় আঘাত হেনে এখন ফ্লোরিডার পথে
সামুদ্রিক ঘূর্ণিঝড় উইলমা মেক্সিকো থেকে দূর্বল হয়ে সরে গিয়ে কিউবার পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে। সেই সাথে ঘূর্ণিঝড়টি পুনরায় ক্যাটাগরি তিনে উন্নীত হওয়ায় প্রবল বাতাস ও ভারী বর্ষণ নিয়ে কিউবার উপর আছড়ে পড়েছে।
উইলমা এখন ফ্লোরিডার আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাচ্ছে।
রোববার মেক্সিকো উপসাগরীয় উপকূল থেকে দূর্বল হয়ে সরে যাওয়ার আগে এর আঘাতে ইউকেটান উপদ্বীপ এলাকায় কমপক্ষে ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
কিউবার সরকার বলেছে, ভারী বৃষ্টির কারণে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। উপকূলীয় এলাকা থেকে ছয় লাখেরও বেশি লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
ফ্লোরিডার অধিবাসীদের মধ্যে যারা বাড়িঘর ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন, তাদেরকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে আবারও আহ্বান জানানো হয়েছে।
কিউবার পশ্চিমাঞ্চলের লোকজনকে সতর্ক করে দেশটির প্রধান আবহাওয়াবিদ বলেছেন, পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
মেক্সিকোতে উইলমা ৪৮ ঘন্টারও বেশি সময় অবস্থান করেছে। সে সময় সেখানে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১৮৫ কিলোমিটার।
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, সোমবার সকালে উইলমা ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
গ্রীষ্মমণ্ডলীয় ঝড়টি কিউবার পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে এবং ক্রমেই তা ফ্লোরিডার নিকটবর্তী হচ্ছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। ঝড়টি টর্নেডোতে রূপ নিতে পারে বলে আবহাওয়াবিদরা আশংকা করছেন।
টর্নেডোর কারণে কিউবার অনেক গ্রাম লণ্ডভণ্ড হয়েছে।
