২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দুক বিক্রির উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত গণভোট: ব্রাজিলিয়ানদের প্রত্যাখ্যান

ব্রাজিলে বন্দুক বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত গণভোটের আংশিক ফলাফল থেকে পরিষ্কার অনুমান করা গেছে, দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ এ পরিকল্পনার বিপক্ষে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 09:22 AM

Updated : 26 Apr 2022, 06:14 PM

গণভোটে প্রদত্ত ভোটের প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে ৬৪ শতাংশ ভোটার বন্দুক বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপের সরকারি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। অপরদিকে মাত্র ৩৬ শতাংশ নিষেধাজ্ঞার পক্ষে তাদের রায় দিয়েছেন।

ব্রাজিল সরকার ও জাতিসংঘ বন্দুক বিক্রির নিষেধাজ্ঞার প্রস্তাব সমর্থন করেছে। ব্রাজিলে প্রতি বছর গোলাগুলির ঘটনায় ৩৬,০০০ লোকের মৃত্যু হয়।

নিষেধাজ্ঞা বিরোধীরা বলেছেন, বন্দুকের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে সশস্ত্র অপরাধীদের সামনে ব্রাজিলের প্রতিরক্ষা অসহায় হয়ে পড়বে।

ব্রাজিলে প্রতি ১৫ মিনিটে একজন ব্যক্তি বন্দুকের গুলিতে প্রাণ হারায়। পৃথিবীর যে কোন দেশের তুলনায় এ হার অনেক বেশি।

জাতিসংঘ বলেছে, দেশটিতে তরুণ বয়সীদের মৃত্যুর সবচেয়ে বড় কারণ হচ্ছে বন্দুক।

বন্দুক-বিরোধী প্রচারকারীরা বলেছেন, ‘হাঁ’ ভোটের জয় সরকারের প্রতিরক্ষা নীতির প্রতি এক ধরনের প্রতিবাদ।

অহিংস সংগঠন সাউ ডা পাজের ডেনিস মিজনে সাংবাদিকদের জানান, ব্রাজিলিয়ানরা বন্দুক পছন্দ করে বলেই আমরা ভোটে পরাজিত হয়নি। আমরা ভোটে পরাজিত হয়েছি কারণ, সরকার অথবা পুলিশের উপর সাধারণ জনগণের আস্থা নেই।

জনগণের মধ্যে ভীতি ছড়িয়ে দিয়ে ভোটকে প্রভাবিত করার জন্য অহিংস সংগঠনটি বিভিন্ন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ও মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের (এনআরএ) মত লবি গ্রুপের সমালোচনা করেছে।

ব্রাজিলের রাজনীতিবিদ ও কংগ্রেস সদস্য আলবার্তো ফ্রাগা বলেছেন, জনগণের অধিকার কেড়ে নেয়ার প্রচেষ্টার প্রতিক্রিয়া হিসেবেই বন্দুক নিষিদ্ধের উদ্যোগের প্রতিবাদ করা হয়েছে।

এনআরএ’র একজন মুখপাত্র ভোটের ফলাফলকে স্বাধীনতার বিজয় বলে আখ্যায়িত করেছেন।

ব্রাজিলিয়ান নারী ও গরীবরা বন্দুক নিষিদ্ধের পক্ষে ভোট দিয়েছেন বলে ধারনা করা হচ্ছে। অপরদিকে মধ্যবিত্তরা নিষেধাজ্ঞা আরোপের বিপক্ষেই ভোট দিয়েছে বলে বিশ্লেষকরা বলছেন।

ব্রাজিলের প্রচলিত আইন অনুযায়ী, ২৫ বছর কিংবা তার বেশি বয়সী যে কেউ বন্দুক কিনতে পারবে।

বন্দুক-সম্পর্কিত অপরাধের হার কমিয়ে আনতে প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডা সিলভার নেতৃত্বাধীন সরকার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তারই অংশ হিসেবে গণভোটের আয়োজন করা হয়েছিল।

বেসরকারি সংগঠনের জরিপ মতে, ব্রাজিলের বর্তমানে ১৭ মিলিয়ন বন্দুক রয়েছে, যার নয় মিলিয়নেরই নিবন্ধন করা নেই।