শতাধিক যাত্রী নিয়ে নাইজেরিয়ার বিমান বিধ্বস্ত
শতাধিক যাত্রী নিয়ে নাইজেরিয়ার লাগোস থেকে রাজধানী আবুজাগামী একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। নাইজেরিয়ার রাষ্ট্রীয় বেতারে এ খবরের সত্যতা স্বীকার করা হয়েছে।
ঝড়ো আবহাওয়ার মধ্যে উড্ডয়নের পরপরই বিমানটির পাইলট কেন্দ্রীয় রাডারে একটি বিপদ সংকেত দেয়।
নাইজেরিয়ার সরকারের উচ্চপদস্থ কয়েক কর্মকর্তাও বিধ্বস্ত হওয়া বেলভিউ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটির যাত্রী ছিলেন বলে জানা গেছে। শনিবার স্থানীয় সময় ২০৪৫টায় বিমানটি লাগোস বিমান বন্দর ত্যাগ করে।
নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোস থেকে বেলভিউ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান শনিবার মধ্যরাতে ১১৪ জন যাত্রী ও ক্রু নিয়ে উড্ডয়নের পর থেকেই নিখোঁজ হয়ে যায়।
১০৮ জন যাত্রী ও আটজন ক্রু নিয়ে বিমানটি বাণিজ্যিক রাজধানী লাগোস থেকে রাজধানী আবুজার দিকে যাচ্ছিল।
অদৃশ্য হওয়ার আগে বিমানটি লাগোসের ২৫ কিলোমিটার পশ্চিমের আটলান্টিক মহাসাগরের উপর অবস্থান করছিল।
স্থানীয় একটি বিমান স্টেশন জানিয়েছে, বিমানটি অদৃশ্য হওয়ার পরপরই রাডারের পর্দায় একটি বিপদ সংকেত আসে।
বিমান নিখোঁজ হওয়ার পর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, বিমানটি আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হতে পারে। কিন্তু পরবর্তীতে সরকার জানায় যে, বিমানটি ভূমিতে বিধ্বস্ত হয়ে থাকতে পারে।
নাইজেরিয়ার ম্যারিটাইম অথরিটির কর্মকর্তা টিডজানি বাকো জানান, বিমানটি যদি ভূমিতে বিধ্বস্ত হয়ে থাকে, তাহলে কেউ বেঁচে রয়েছে বলে আমার মনে হচ্ছে না।
তিনি বলেন, লাগোসের ১০০ কিলোমিটার উত্তর-পূর্বের ইবাদান ও ইলোরিন শহরের মাঝামাঝি কোন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে মনে হচ্ছে।
নাইজেরিয়ার জাতীয় বিমান বন্দর কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানান, তারা নিখোঁজ বিমানটির অবস্থান শনাক্ত করার চেষ্টা করছেন।
দেশটির বেসরকারি বিমান পরিবহন কোম্পানি বেলভিউ এয়ারলাইন্স বোয়িং ৭৩৭ বিমান দিয়ে পশ্চিম আফ্রিকার প্রতিটি রুটেই বিমান পরিচালনা করে।
