পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচন: কাজিনস্কি, টাস্ক সমানে সমান
পোল্যান্ডে প্রথম দফা নির্বাচন শেষে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দু’ প্রার্থী কাজিনস্কি ও টাস্কের মধ্যে লড়াই জমে উঠেছে।
প্রথম দফার নির্বাচনে কোন প্রার্থী মোট ভোটারের কমপক্ষে পঞ্চাশ শতাংশ ভোট না পাওয়ায় শীর্ষ দুই ভোটপ্রাপ্ত প্রার্থীর মধ্যে রোববার দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার পর পরিচালিত এক জরিপে দেখা গেছে, কনজারভেটিভ লেচ কাজিনস্কি ও মুক্ত বাজার অর্থনীতির উদ্যোক্তা ডোনাল্ড টাস্ক দুজনই প্রায় সমান সমর্থন পাচ্ছেন।
তবে সিভিল প্লাটফর্ম পার্টির নেতা টাস্ক এখন পর্যন্ত ভোটারদের সেরা পছন্দ হিসেবে বিবেচিত হচ্ছেন।
টাস্ক যেখানে বন্ধুত্বপূর্ণ ও নিরাপদ পোল্যান্ডে বসবাস ও সুস্থ রাজনীতির জয়ের কথা বলছেন, অন্যদিকে কাজিনস্কি সেখানে মানবিক পুনঃজাগরণ ও খ্রিস্টান মূল্যবোধের প্রতিষ্ঠার ব্যাপারে জোর আরোপ করেছেন।
রোববার গ্রীনিচ মিন টাইমে (জিএমটি) ০৪০০টায় ভোটগ্রহণ শুরু হবে। ভোটগ্রহণ চলবে ১৮০০ জিএমটি পর্যন্ত।
পোল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট ও সাবেক কমিউনিস্ট নেতা আলেকজান্ডার কওয়াসিনিস্কি দুই বার পাঁচ বছরের মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে আসীন থাকায় তিনি এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না।
যদিও পোল্যান্ডের সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্টের ক্ষমতা প্রধানমন্ত্রীর ক্ষমতার চেয়ে অনেক কম, তারপরও পররাষ্ট্র নীতির ক্ষেত্রে প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
