২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে প্রেসিডেন্ট লাহুদের পদত্যাগের দাবিতে মিছিল

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির হাজার হাজার সমর্থক শুক্রবার রাতে বৈরুতে সিরিয়া বিরোধী মিছিল করেছে। মিছিল থেকে দেশটির প্রেসিডেন্ট এমিলি লাহুদের পদত্যাগ দাবি করা হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 02:41 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

হারিরির প্রায় দুই হাজার সমর্থক তাদের নেতার ছবি হাতে নিয়ে লাহুদকে হারিরি হত্যার জন্য অভিযুক্ত করে।

অনেকে লেবানন এবং দলের পতাকা হাতে সিরিয়া বিরোধী স্লোগান দেয়। তারা চিৎকার করে বলতে থাকে, আমরা সিরিয়ার উৎখাত চাই।

ফেব্রুয়ারি মাসে বোমা বিস্ফোরণে হারিরিসহ ২০ জন নিহত হওয়ার কিছুক্ষণ আগে লাহুদের কাছে সন্দেহজনক টেলিফোন এসেছিল-বৃহস্পতিবার এক প্রতিবেদনে জাতিসংঘের এমন মন্তব্যের পর এ মিছিল বের হয়।

লাহুদ শুক্রবার হারিরির হত্যার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। তিনি টেলিফোনের বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন।

লাহুদের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, তিনি সংবিধান অনুযায়ী পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকবেন।