২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ডের ওপর তদন্ত রিপোর্টের পর সিরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের ব্যবস্থা নেয়া উচিত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 09:24 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

হারিরি হত্যা তদন্তে জাতিসংঘের একটি তদন্ত কমিটি এ ব্যাপারে উভয় দেশেরই জড়িত থাকার কথা জানিয়েছে। তবে সিরিয়া ও লেবানন এ অভিযোগ অস্বীকার করেছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রিপোর্টটি নিয়ে আলোচনা করছে এবং পাশাপাশি অবরোধ আরোপেরও চিন্তাভাবনা করছে।

তদন্ত কমিটি তাদের লিখিত তদন্ত রিপোর্টে এ হত্যাকাণ্ডে জড়িত সিরিয়ার পাঁচজন কর্মকর্তার নাম উল্লেখ করেছে। এদের মধ্যে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাই মাহের আল আসাদ এবং শ্যালক আসেফ শওকতও রয়েছেন।

রিপোর্টে বলা হয়েছে সিরিয়ার কর্মকর্তা লেবাননের কর্মকর্তারা মিলে এ হত্যাকাণ্ড ঘটায়।

রিপোর্টে আরও বলা হয়েছে, সিরিয়া সরকার তদন্তের কাজে পূর্ণ সহযোগিতা করেনি।

প্রেসিডেন্ট বুশ বলেন, জাতিসংঘের উচিত রিপোর্টটি নিয়ে একটি অধিবেশন ডাকা।

তিনি আরও বলেন, বিশ্বের দৃষ্টি এখন এ রিপোর্টটির দিকে।

জাতিসংঘ মহাসচিবের অনুরোধে রিপোর্টটি প্রণয়ন করা হয়।

রিপোর্টে বলা হয়েছে, কয়েকমাস ধরে পরিকল্পনার পর এ হত্যাকাণ্ডটি ঘটানো হয়।

রিপোর্ট প্রকাশের পর সিরিয়া ও লেবানন উভয় দেশই এ হত্যাকাণ্ডে তাদের কর্মকর্তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

সিরিয়ার তথ্যমন্ত্রী মেহদী দাখালা রিপোর্টটিকে রাজনৈতিকভাবে প্রভাবিত বলে উল্লেখ করে বলেন, এটি সত্য থেকে অনেক দুরে।

হারিরি হত্যাকাণ্ডের আগে দেশটিতে সিরিয়ার সেনা উপস্থিতি ছিল। তবে হারিরি হত্যার পর আন্তর্জাতিক চাপের মুখে লেবানন থেকে সিরিয়া সেনা প্রত্যাহার করে নেয়।

এ বছরের ১৪ ফেব্রুয়ারি সিরিজ বোমা হামলায় হারিরিসহ ২২ জন নিহত হয়।