জাতিসংঘের তদন্ত রিপোর্ট হারিরি হত্যাকাণ্ডের জন্য সিরিয়াকে দায়ী করেছে
লেবাননের সাবেক প্রেসিডেন্ট রফিক আল-হারিরি হত্যাকাণ্ডের সাথে সিরিয়ার উচ্চপদস্থ কর্মকর্তা ও লেবাননে তাদের মিত্ররা জড়িত বলে বৃহস্পতিবার জাতিসংঘের তদন্ত রিপোর্টে জানানো হয়।
যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেন রির্পোটিকে কেন্দ্র করে জাতিসংঘের সম্ভাব্য সিদ্ধান্তের ব্যাপারে আলোচনা শুরু করেছে। তবে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ এ হত্যাকাণ্ডের ব্যাপারে তার নির্দোষ বলে দাবি করে আসছে।
হারিরিকে গত ১৪ ফেব্রুয়ারি প্রকাশ্যে হত্যা করা হয়। জার্মান কৌশলী ডেটলেভ মেহলিস এর নের্তৃত্বে জাতিসংঘের তদন্তকারী দল এই হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্টে জানান, সিরিয়ার নিরাপত্তা কর্মকর্তারা এ হত্যাকান্ডের সাথে যে সরাসরি জড়িত ছিল তার বেশ কয়েকটি প্রমাণ পাওয়া গেছে। প্রেসিডেন্ট এমিলি লাহুদের এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার ব্যাপারটিও উড়িয়ে দেয়া যায় না।
জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে ২০ অক্টোবর জাতিসংঘের আন্তর্জাতিক স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টটি তুলে দেওয়া হয়। রিপোর্টে তদন্তকারী দল সাক্ষ্য প্রমাণসহ উল্লেখ করেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ-এর শ্যালক মেজর জেনারেল আসিফ শওকত হারিরি হত্যা ষড়যন্ত্রের সাথে জড়িত। হত্যাকাণ্ডের দু’সপ্তাহ আগে ঘটনার দায়দায়িত্ব স্বীকার করার জন্য জঙ্গি নেতা আহমেদ আবু আদ্দাসকে ভিডিও টেপ করতে বাধ্য করে এই সেনা কর্মকর্তা।
রির্পোটে বলা হয়, এটা স্বভাবতই আমলে আসে যে, সিরিয়ার শীর্ষ স্থানীয় নিরাপত্তা কর্মীদের অনুমোদন ছাড়া হারিরিকে হত্যা করা হয়নি এবং এর সাথে লেবাননের নিরাপত্তা বাহিনীরও যোগসাজস ছিল।
লেবাননে কয়েক যুগ ধরে সিরিয়ার সেনাবাহিনীর উপস্থিতি এবং আধিপত্যের ব্যাপারে জোর আপত্তি ছিল রফিক আল-হারিরির। তাকে হত্যা করায় আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রতিক্রিয়া ও চাপ সৃষ্টি হয় এবং লেবাননে প্রতিবাদ বিক্ষোভের মুখে সিরিয়া তার সেনাবাহিনী সরিয়ে নিতে বাধ্য হয়।
