মেক্সিকান উপকূলে যে কোনো সময় আঘাত হানতে পারে উইলমা
সামুদ্রিক ঘূর্ণিঝড় উইলমা এখন মেক্সিকো উপকূলের খুব কাছাকাছি অবস্থান করছে। যেকোনও সময় তা উপকূলে আছড়ে পড়তে পারে। এ আশংকায় হাজার হাজার পর্যটক ও স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
ক্রান্তীয় এ ঝড়টি ক্যাটাগরি ৪ হারিকেনে রূপ নিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে ইউকেশান উপদ্বীপে আঘাত হানতে পারে।
বিপদের আশংকায় একলাখ লোককে কিউবার পশ্চিমাঞ্চল থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে মার্কিন অঙ্গরাজ্য ফ্লোরিডায় রোববারের মধ্যে উইলমা আঘাত হানতে পারে বলে আশংকা করা হচ্ছে।
ক্যারিবিয়ান দ্বীপে এ ক’দিনের প্রচণ্ড বৃষ্টিপাতে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মেক্সিকান স্টেটের গভর্নর ফ্লিক্স গঞ্জালেস বলেন, আমরা এখন সর্বোচ্চ সতর্কতার মধ্যে রয়েছি।
মেক্সিকোর ক্যারিবিয়ান সমুদ্র সৈকতের পর্যটকদের সৈকত ছেড়ে মূল ভূখণ্ডে যাওয়ার জন্যে অথবা তাদেরকে যেকোনও জিমনেসিয়াম অথবা স্কুল ভবনে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মেক্সিকান উপকূলের পাঁচটি রাজ্যে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে খোলা হয়েছে জরুরী আশ্রয় কেন্দ্র।
লোয়াণ্ডা কোল নামের একজন পর্যটক বলেন, এ মৌসুমে এটি দিয়ে তার তৃতীয় ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা।
তিনি বলেন, রিটা আঘাতের সময় আমাদের সরিয়ে নেয়া হল। এরপর ক্যাটরিনার কবলে পড়লাম আর এখন আবারও আমাদের পালাতে হচ্ছে।
২০০৫ সাল এ উপকূলে রেকর্ড সামুদ্রিক ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। উইলমাসহ এক বছরে এখানে ১২টি সামুদ্রিক ঝড় আঘাত হানে।
মার্কিন হারিকেন সেন্টার বলছে, সামুদ্রিক ঘূর্ণিঝড় উইলমা ক্যাটাগরি পাঁচ থেকে চারে নেমে আসলেও এটি আবারো শক্তিশালী হয়ে উঠতে পারে।
এদিকে ফ্লোরিডার গভর্নর জেব বুশ রাজ্যে জরুরী অবস্থা ঘোষণা করেছেন। প্রাথমিকভাবে উপকূলীয় এলাকা থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
এ মাসেই মধ্য আমেরিকায় ভূমিধস, ঝড় ও বন্যায় কয়েক হাজার লোকের মৃত্যু হয়েছে।
