ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে চীনের স্বচ্ছতা দাবি করেছেন রামসফেল্ড
চীন সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড বৃহস্পতিবার বলেছেন, উদ্বিগ্ন প্রতিবেশীদের কাছে ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে চীনের অবস্থান পরিষ্কারভাবে ব্যাখ্যা করা উচিত।
দুই দিনের বেইজিং সফরের সর্বশেষ দিনে বৃহস্পতিবার চীনের একাডেমি অব মিলিটারি সাইন্সে রামসফেল্ড দেশটির ভবিষ্যৎ সামরিক নেতাদের উদ্দেশে বলেন, পৃথিবীর যে কোনও অংশকে ক্ষেপণাস্ত্রের আওতায় আনার আনার জন্য চীন তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বৃদ্ধি করছে বলে পেন্টাগন বিশ্বাস করে।
রামসফেল্ড বলেন, চীনের কৌশলগত আঘাত হানার সক্ষমতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এ কারণে এই অঞ্চলের অন্যান্য দেশগুলো চীনের উদ্দেশ্য নিয়ে ইতোমধ্যে প্রশ্ন তুলেছে।
রামসফেল্ড ও সফররত পেন্টাগনের অন্যান্য কর্মকর্তারা বুধবার চীনের প্রতিরক্ষা মন্ত্রী কাও গাংচুয়ান ও সামরিক জেনারেলদের সাথে রাজধানী বেইজিংয়ে বৈঠক করেছেন। পিপলস লিবারেশন আর্মির সাথে আলোচনার শুরুকে মার্কিন কর্মকর্তারা শুভ লক্ষণ বলে আখ্যায়িত করেছেন।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী কাও চীনের সামরিক ব্যয় সম্পর্কিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের সাথে দ্বিমত প্রকাশ করে বলেন, চীন তার চলতি বছরে বার্ষিক সামরিক ব্যয়ের যে অংক (৩০ দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার) প্রকাশ করেছে তা সত্য।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চীন এক বছরে একশটি ক্ষেপণাস্ত্র তার মোট ৬৫০ থেকে ৭৩০টি স্বল্পদৈর্ঘ্যরে ক্ষেপণাস্ত্রের সাথে যোগ করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর অনেকগুলোই তাইওয়ানের দিকে তাক করা। এই ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত এবং অস্ট্রেলিয়ার যে কোনও অংশে পৌঁছাতে সক্ষম।
রামসফেল্ড চীনের সামরিক নেতাদের উদ্দেশে বলেন, যা প্রকাশিত হয়েছে তার চেয়ে চীনের সামরিক ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বেশি। আর এ কারণেই চীনের সরকারি ঘোষণায় যা বলা হচ্ছে এবং বাস্তবে যা ঘটছে তার পার্থক্য প্রতিবেশী দেশগুলোকে চীনের উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান করে তুলেছে।
সন্দেহ সত্ত্বেও সামরিক শিক্ষা বিনিময়ের ব্যাপারে কাজ করতে রামসফেল্ড ও কাওয়ের মধ্যে যে চুক্তি হয়েছে, মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা তার প্রশংসা করেছেন।
