২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইলমা আঘাত হানার আগেই স্থানীয়দের সরিয়ে নেওয়া হচ্ছে

সামুদ্রিক ঘূর্ণিঝড় উইলমা আঘাত হানার আগেই মেক্সিকো, কিউবা এবং ফ্লোরিডার কর্মকর্তারা সেখানকার হাজার হাজার লোককে অন্যত্র সরিয়ে নিচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 10:36 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ক্যাটাগরি ৫ মাত্রার ঝড়টি প্রতি ঘণ্টায় প্রায় ১৬৫ মাইল বেগে ধাবিত হচ্ছে। প্রবল বর্ষণে ইতোমধ্যে দূরবর্তী এলাকাগুলো ডুবে গেছে।

ভূমিধস এবং বন্যার ফলে হাইতিতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় দুপুর ২ টায় উইলমার কেন্দ্রস্থল মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চল কোজুমেলে ঝড়ের গতিবেগ প্রতি ঘণ্টায় তিনশ’ মাইল রেকর্ড করা হয়।

মেক্সিকোর ইউকাটান প্রণালীর দিকে প্রতি ঘণ্টায় সাত মাইল বেগে ধেয়ে আসলেও আগামী ২৪ ঘন্টায় তা উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে বলে মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে।

মেক্সিকো কর্তৃপক্ষ পর্যটকদের উপকূলবর্তী এলাকা ছেড়ে যাওয়ার জন্য বলেছে।

মধ্য আমেরিকার রাজ্য হন্ডুরাস এবং নিকারাগুয়াতেও সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে তা ক্রান্তীয় ঝড়ো রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কিউবা উপূকলীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে শুরু করেছে। কিউবার পশ্চিম প্রদেশ পিনার ডেল রিওতে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসবিদরা ফ্লোরিডার জন্য উইলমাকে মারাত্মক হুমকিস্বরূপ বলে উল্লেখ করেন। এ সপ্তাহের শেষে ফ্লোরিডাতে উইলমার আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

হারিকেন সেন্টারের পরিচালক ম্যাক্স মেইফিল্ড বলেন, সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না করলে উইলমা চরম ক্ষতি সাধন করতে পারে।

হুমকির সম্মুখীন ফ্লোরিডার কিজ দ্বীপপুঞ্জ থেকে পর্যটক ও অস্থানীয়দের অন্যত্র সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার প্রায় ৮০ হাজার বাসিন্দাকে ওই এলাকা ছেড়ে যাওয়ার জন্য বলা হয়েছে।