২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের বিচার চলছে

‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ অভিযোগে বিচার শুরু হয়েছে সাদ্দাম হোসেনের। ১৯৮২ সালে ১৪৩ জন শিয়া ধর্মাবলম্বীকে হত্যার অভিযোগে ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনসহ তার সাত সহযোগীকে বুধবার আদালতে হাজির করা হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 04:50 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

সাদ্দামের আইনজীবী খলিল দুলাইমি এই বিচার প্রক্রিয়াকে অবৈধ বলে উল্লেখ করেন। তিনি আদালত মুলতবি রাখার জন্য কোর্টে আবেদন করবেন বলে জানান। তিনি সাদ্দামকে ‘এখনও আশাবাদী’ বলে উল্লেখ করেন।

বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে বিশেষভাবে নির্মিত বিচারকক্ষে মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

টেলিভিশন ক্যামেরায় পুরো বিচার কাজ ধারণ করা হচ্ছে।

এদিকে সাবেক নেতার অনুসারীরা বিচারের প্রথম দিন হামলা চালানোর আহ্বান জানিয়েছেন।

বাথ পার্টি ইন্টারনেটের মাধ্যমে সমর্থকদের গুলি ও মর্টার হামলা চালানোর মাধ্যমে সাদ্দামকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছে।

দুলাইমি বলেন, বিচার শুরু হওয়ার পর তিনি আত্মরক্ষার জন্য সাদ্দামকে আরও সময় দিতে কমপক্ষে তিন মাসের জন্য আদালত মুলতবি রাখার আবেদন জানাবেন।

আদালত কর্মকর্তারা বলেন, আইনি বিতর্কের মাধ্যমে মুলতবি করা যেতে পারে। কিন্তু তা কতদিনের জন্য সেটা স্পষ্ট নয়।

পাঁচজন বিচারক সাদ্দামের বিচার করছেন। বিচারকদের পরিচয় গোপন রাখা হয়েছে।

বিচার কক্ষে স্বল্প সংখ্যক পর্যবেক্ষক ও সাংবাদিক উপস্থিত থাকলেও বাইরের কোন লোককে সেখানে থাকতে দেওয়া হয় নি।

বাগদাদের উত্তরাঞ্চলীয় শিয়া প্রধান দুজেলে বলেন, কেবল শিয়া হত্যা নয়, সাদ্দামের বিরুদ্ধে ১৯৮৮ সালের মার্চে কুর্দি হালাবজা গ্রামের পাঁচ হাজার মানুষকে গ্যাস প্রয়োগে হত্যা এবং প্রথম উপসাগরীয় যুদ্ধের পর শিয়া বিদ্রোহ দমন সংক্রান্ত অভিযোগও উত্থাপন করা হচ্ছে।

ইরান মঙ্গলবার বলেছে, তারা কোর্টে ১৯৮০-৮৮ সালে ইরান-ইরাক যুদ্ধে রাসায়ণিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উত্থাপন করতে চায়।

মানবাধিকার সংগঠনগুলোও সাদ্দামের বিচারের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে।

হিউম্যান রাইটস ওয়াচ-এর প্রতিবেদনে ইরাকের বিশেষ ট্রাইবুনাল নিরপেক্ষ বিচার পরিচালনায় আন্তর্জাতিক মাপকাঠি লঙ্ঘন করছে বলে উল্লেখ করা হয়।

অ্যামনেস্টি ইন্টান্যাশনাল বলেছে, তারা সাদ্দাম হোসেনের বিচার নিরপেক্ষভাবে হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করতে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলে তার বিরোধিতা করতে বাগদাদে তিনজন প্রতিনিধি প্রেরণ করবে।