জাপানের প্রধানমন্ত্রীর যুদ্ধসমাধি পরিদর্শন বিতর্ক নিয়ে দক্ষিণ কোরিয়াও ক্ষুব্ধ
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী বান কি-মুন বলেছেন, যুদ্ধসমাধি পরিদর্শন বিতর্কের কারণে তিনি তার সম্ভাব্য জাপান সফরের পরিকল্পনা বাতিল করেছেন।
মিস্টার বান বলেন, বর্তমান পরিস্থিতি জাপান সফরের উপযুক্ত নয়।
চীন ও জাপানের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে পূর্বনির্ধারিত একটি বৈঠক চীন বাতিল করার একদিন পরই দক্ষিণ কোরিয়া এ সিদ্ধান্ত জানাল। যুদ্ধসমাধি পরিদর্শনের প্রতিবাদে চীন বৈঠক বাতিল করেছে বলে ধারণা করা হচ্ছে।
জাপানের প্রধানমন্ত্রী ও শীর্ষ রাজনীতিবিদগণ যুদ্ধসমাধি পরিদর্শন করার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোকে হতাশ করেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে হত জাপানি সেনাদের সম্মান জানাতে প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি সোমবার ইয়াসুকুনি যুদ্ধসমাধি পরিদর্শন করেন। ওই সমাধিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাপানের ‘এ’ শ্রেণীভূক্ত কমপক্ষে ১৪ যুদ্ধাপরাধীকে সমাহিত করা হয়েছে।
মিস্টার বান বলেছেন, যদিও তার সফরের জন্য নির্দিষ্ট কোন তারিখ ঠিক করা ছিল না, তারপরও এবারের মত তার সফরের সম্ভাবনা বাতিল করা হয়েছে।
তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে জাপান সফরের পরিকল্পনার জন্য উপযুক্ত নয় বলে আমি মনে করি।
