বার্ড ফ্লু মোকাবেলায় মন্ত্রী নিয়োগে জাতিসংঘের আবেদন
জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, বার্ড ফ্লু মোকাবেলায় বিভিন্ন দেশে সরকারি মন্ত্রী নিয়োগ দেয়া উচিত।
বুধবার ব্রিটেনের টাইম সংবাদপত্রে এক সাক্ষাৎকারে বার্ড ফ্লু মোকাবেলা সংক্রান্ত জাতিসংঘের সমন্বয়কারী ডেভিড নাবারো বলেন, যে কোন পরিস্থিতি মোকাবেলায় সরকারি সহযোগিতা জরুরী। তাই প্রত্যেক সরকারের একজন মন্ত্রী নিয়োগ দেয়া উচিত, যিনি জরুরী পরিস্থিতিতে সরকারের সকল অংশকে একত্রিত করবেন। সার্স রোগের সময়ও এ ধরণের পদক্ষেপ নেওয়া হয়।
এদিকে বিজ্ঞানীরা বার্ড ফ্লুর জন্য দায়ী ভাইরাস এইচ৫এন১ পাখি থেকে মানব দেহে সঞ্চালনের আশঙ্কা করছেন।
১৯৯৭ সালে প্রথম বার্ড ফ্লু ভাইরাস দেখা দেয়। সেসময় এশিয়ায় ৬০ জনেরও বেশি লোক এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। সম্প্রতি রোমানিয়া, গ্রীস এবং তুরস্কে আবারো এ ভাইরাস দেখা গেছে।
নাবারো বিভিন্ন দেশ, প্রতিষ্ঠান এবং বিজ্ঞানীদের এর প্রতিষেধক খুঁজে বের করতে কাজ করার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, এজন্য পারস্পরিক তথ্য আদান-প্রদান করতে হবে। এছাড়াও ভাইরাসের মোকাবেলায় গরীব দেশগুলোকে ধনী দেশগুলোর সাহায্য করতে হবে, যাতে করে তা সীমানা অতিক্রম না করে।
