দূর্নীতিবাজ কর্মীদের প্রতিরোধে জাতিসংঘের নতুন নিয়ম চালু
জাতিসংঘ তার কর্মীদের জন্য নিয়ম-নীতি আরও কড়া করেছে। আর্থিক দূর্নীতি এবং যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নতুন এ নিয়ম চালু করল।
নতুন এ নিয়মের আওতায় জাতিসংঘের উচ্চ কর্মকর্তাদের এখন থেকে নিজের, স্বামী বা স্ত্রী এমন কি সন্তানেরও আর্থিক হিসাবের ফরম পূরণ করতে হবে।
কারও বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাকে চাকরিচ্যুত করা হবে।
সম্প্রতি জাতিসংঘের একজন কর্মীর বিরুদ্ধে ইরাকে তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচি থেকে ৬০ বিলিয়ন মার্কিন ডলার দূর্নীতির অভিযোগ পাওয়া যায়।
এছাড়াও ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে স্থানীয় এক মহিলাকে যৌন হয়রানির জন্য অভিযুক্ত করা হয়।
জাতিসংঘের শীর্ষ কর্মীরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে তাদের পদাধিকার ব্যবহার করে আসছে এমন অভিযোগ বা স্বার্থের দ্বন্দ্ব এড়াতে ফরম পূরণের প্রক্রিয়া চালু করা হয়েছে।
তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে দূর্নীতির জন্য অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘ মহাসচিব কফি আনান ব্যাপক সমালোচিত হন।
গত মাসে একটি স্বাধীন প্যানেলের প্রতিবেদনে জাতিসংঘের কয়েকজন কর্মীর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ পাওয়া যায়। প্রতিবেদনে কফি আনানের বিরুদ্ধেও অব্যবস্থপনার অভিযোগের কথাও উল্লেখ করা হয়।
