২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শক্তিশালী হয়ে কিউবা ও মেক্সিকোর দিকে ধেয়ে আসছে সামুদ্রিক ঘূর্ণিঝড় উইলমা

সামুদ্রিক ঘূর্ণিঝড় উইলমা আরও শক্তিশালী হয়ে কিউবা ও মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে। ক্যারিবীয় উপসাগরের ওপর দিয়ে উত্তর অভিমুখে ধাবিত ঝড়টি ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 09:28 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ক্যাটাগরি দুই মাত্রার ঝড়টি ঘন্টায় একশ’ মাইল গতিবেগে প্রবল বর্ষনের সৃষ্টি করেছে।

উইলমা এ মৌসুমের ১২তম সামুদ্রিক ঘূর্ণিঝড়। সপ্তাহ শেষে মেক্সিকো এবং ফ্লোরিডা উপকূলে আঘাত হানার আগে ঝড়টি পশ্চিম কিউবা বা ইউকাটন প্রণালীতে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘূর্ণিঝড় পর্যবেক্ষণকারীরা কেইম্যান দ্বীপপুঞ্জের ওপর নজর রাখলেও হন্ডুরাসও হুমকীর মুখে রয়েছে।

জ্যামাইকাতে ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলোতে বন্যার সৃষ্টি হয়েছে। এছাড়াও রাস্তাগুলোও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জোরপূর্বক শ’ খানেক লোককে অন্যত্র সরে যেতে বাধ্য করা হয়েছে।

হাইতি ও কিউবাতেও বৃষ্টি অব্যাহত থাকায় সেখানকার চারটি প্রদেশে বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

মধ্য আমেরিকার কয়েকটি দেশে বিপদ সংকেত ঘোষণা করেছে।

হন্ডুরাস কর্তৃপক্ষ উদ্ধার কাজের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে পাশ্ববর্তী নিকারাগুয়া এবং এল সালভাদর ঝড়ের গতিবেগের প্রতি লক্ষ্য রাখছে।

মায়ামির মার্কিন হারিকেন সেন্টার জানিয়েছে, উইলমা মার্কিন উপসাগরীয় উপকূল থেকে সরেও আসতে পারে। তবে ঝড়টি ক্যাটাগরি ৪ মাত্রায় ক্যারিবিয়া থেকে উপসাগরীয় উপকূল অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফ্লোরিডার কী’র দ্বীপ থেকেও লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে।

মেক্সিকো উপসাগরের তেল উৎপাদকরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন।

নিউ অরলিন্সের মেয়র রে নাগিন পুনরায় আরেকটি ঝড় সেখানে আঘাত হানতে পারে বলে স্থানীয়দের সতর্ক করে দিয়েছেন। এখনও সেখানে ক্যাটরিনা ও রিটার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি নিউ অরলিন্সবাসী।

আগস্টে ক্যাটরিনার আঘাতে প্রায় ১২ শ’ লোক এবং এ মাসের প্রথমে সামুদ্রিক ঘূর্ণিঝড় স্টানের আঘাতে একশ’রও বেশি লোক নিহত হয়েছে।