২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের গোয়েন্দা প্রধান নিহত

সন্দেহভাজন বিদ্রোহীরা সোমবার আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে দেশটির গোয়েন্দা বিভাগের পরিচালক ও তার তিন দেহরক্ষীকে গুলি করে হত্যা করেছে। সরকারি কর্মকর্তারা মঙ্গলবার এ খবর জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 11:43 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

প্রাদেশিক সচিব হাজী মহিদিন জানান, ন্যাশনাল সিকিউরিটি ডিরেক্টরেটের পরিচালক মোহাম্মদ দাউদ ও তার তিন সশস্ত্র দেহরক্ষী সোমবার স্থানীয় সময় দুপুর ১২টায় হেলমন্দ প্রদেশে বিদ্রোহীদের হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।

মহিদিন আরও জানান, দাউদ ও তার তিন দেহরক্ষী এ সময় সাংগিন জেলায় যাচ্ছিলেন।

তালেবান মুখপাত্র কারি ইউসুফ হামলার দায়িত্ব স্বীকার করেছেন। তিনি বলেন, আমেরিকানদের সহায়তা করায় আন্দোলনরত যোদ্ধারা তাদেরকে শাস্তি দিয়েছে।

এদিকে তালেবান গেরিলারা রোববার রাতে হেলমন্দ ও কুনার প্রদেশের দুই সরকারপন্থি ধর্মীয় নেতা মৌলভী মোহাম্মদ গুল ও অপর এক মৌলভীকে হত্যা করেছে।

মার্কিন সমর্থন-পুষ্ট আফগানিস্তানের বর্তমান সরকারকে সহায়তা না করার জন্য তালেবানরা স্থানীয়দের সতর্ক করে দিয়েছে।

দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে রোববার রাতে সরকারি বাহিনীর অভিযানকালে তিন তালেবান সদস্য প্রাণ হারিয়েছে বলে জানা গেছে।

চলতি বছর এ পর্যন্ত বিদ্রোহী, আফগান ও মার্কিন বাহিনী, সরকারপন্থি নেতা এবং সাহায্যকর্মীসহ ১,৩০০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।