২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ভোট কারচুপির অভিযোগ, ফলাফল প্রকাশে বিলম্ব

ইরাকের নির্বাচন কর্মকর্তারা বলেছেন, নতুন সংবিধান অনুমোদন সংক্রান্ত গণভোটের আনুষ্ঠানিক চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে বেশ কিছু সময় লাগবে। এদিকে গণভোটে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 09:32 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

কর্মকর্তারা বলেছেন, কোন কোন এলাকায় ভোটারদের উপস্থিতির হার ছিল অস্বাভাবিকভাবে বেশি। অনেক ক্ষেত্রে ব্যালট বাক্স বেশ কয়েকবার পরীক্ষা করতে হয়েছে।

বেশ কিছু সুন্নি আরব রাজনীতিবিদ অভিযোগ করে বলেছেন, ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত করতে ব্যাপক কারচুপির আশ্রয় নেয়া হয়েছে।

তবে জাতিসংঘের নির্বাচন পর্যবেক্ষকরা বলেছেন, ভোটগ্রহণ বেশ ভালভাবেই সম্পন্ন হয়েছে। অধিকাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সমর্থ হয়েছেন।

ইরাকের স্বাধীন নির্বাচন কমিশন বলছে, কয়েকটি প্রদেশে ভোটারদের উপস্থিতির হার খুব বেশি হওয়ায় ভোট গণনা সম্পন্ন করতে আরও বেশি সময় লাগবে।

কমিশন জানায়, কিছু কিছু এলাকায় প্রায় প্রদত্ত সকল ভোট ‘হ্যাঁ’ সূচক ভোট পেয়েছে। আবার কিছু কিছু এলাকায় শুধু ‘না’ ভোটই পড়েছে। সেসব জায়গায় আন্তর্জাতিক ধারায় ভোট গণনা করা হবে।

মধ্য ইরাকে বালুঝড়ের কারণে ব্যালট বাক্স রাজধানী বাগদাদে পৌঁছাতে বিলম্ব হওয়ায় ভোট গণনা বাধাগ্রস্ত হচ্ছে।

চলতি সপ্তাহেই গণভোটের ফলাফল প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশন সতর্ক জানিয়ে বলেছে, এটি প্রকাশ করতে এখনও বেশ কিছুদিন লাগতে পারে।

সংবিধান অনুমোদন প্রশ্নে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হবে বলে গণভোটের অনানুষ্ঠানিক ফলাফল দেখে অনুমান করা হচ্ছে।

শিয়া ও কুর্দি সম্প্রদায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এবং সুন্নি সম্প্রদায় ‘না’ ভোটের পক্ষে ভোট দিয়েছে। সুন্নিরা দু’টি প্রদেশে জয়যুক্ত হবে বলে ধারনা করা হচ্ছে। তিনটি প্রদেশে ‘না’ ভোট জয়যুক্ত হলে খসড়া সংবিধান বাতিল বলে গণ্য হবে।

সুন্নি অধ্যুষিত আনবার ও কেন্দ্রীয় সালাহউদ্দিন প্রদেশে সংবিধান প্রত্যাখ্যাত হবে বলে ধারনা করা হচ্ছে। নিনেভাহ ও দিয়ালা প্রদেশে কিছুটা সুন্নি অধ্যুষিত হলেও সেখানে সংবিধান অনুমোদনের পক্ষেই বেশি ভোট পড়বে বলে আশা করা হচ্ছে।

এদিকে সুন্নি আরব প্রখ্যাত রাজনীতিবিদ সালেহ আল-মুতলাক দিয়ালায় ভোট কারচুপির অভিযোগ এনেছেন। তিনি বলেন, সেনারা ব্যালট বাক্স সরিয়ে নিয়েছে এবং সেখানে নিবন্ধনকৃত ভোটের চেয়ে বেশি ভোট পড়েছে।

তবে ভোটগ্রহণ যে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে তার পক্ষে আন্তর্জাতিক সম্মতি রয়েছে। সুন্নি অধ্যুষিত এলাকায় ভোট বয়কটের আহ্বান জানানো হলেও সেখানে অনেক ভোট পড়েছে।