আর্জেন্টিনায় কারাগারে অগ্নিকাণ্ড, নিহত ৩২
আর্জেন্টিনার একটি কারাগারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩২ জন বন্দি নিহত হয়েছে। কারা কর্তৃপক্ষ এ খবরের সত্যতা স্বীকার করেছে।
আর্জেন্টিনার টেলিভিশন স্টেশন টিএন বলেছে, রোববার বন্দিরা মা দিবস উপলক্ষে দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাতের সময়সীমা বাড়িয়ে দেওয়ার আবেদন জানালে তা নাকচ হয়ে যায়। এতে বন্দিরা বিদ্রোহী হয়ে ওঠে এবং মাদুরে আগুন ধরিয়ে দেয়।
টিএন জানায়, বুয়েন্স আয়ার্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ম্যাগড্যালেনার প্রায় দুশ’ বন্দি কারাগারে বিদ্রোহ ঘোষণা করে।
আর্জেন্টিনার টেলিভিশনে বন্দিদের নিকটজনদের কারাগারের বাইরে পুলিশ এবং জাতীয় নিরাপত্তা কর্মীদের কঠোর বেষ্টনীর মধ্যে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে দেখা যায়।
আর্জেন্টিনার কারাগারে বিদ্রোহ ও অগ্নিকাণ্ড নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেখানকার কারাগারগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দি আটক রয়েছে বলে জানা গেছে।
চার বছর আগে দেশটির অর্থনৈতিক বিপর্যয়ের ফলে অপরাধের পরিমাণও বেড়ে গেছে।
এ বছরের শুরুতে কোরডোবা কারগারে বন্দিরা দাঙ্গা শুরু করলে আটজন নিহত হয়।
স্থানীয়রা জানিয়েছেন, বন্দিদের সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাতের সময়সীমা বৃদ্ধি এবং জীবনযাত্রার মান বৃদ্ধির দাবি নিয়ে ১৭০০ বন্দি বিদ্রোহ ঘোষণা করে।
