২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভূমিকম্প কবলিত স্থানে ত্রান তৎপরতা ব্যাহত হচ্ছে

দক্ষিণ এশিয়ার সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে দুর্গতদের সাহায্যার্থে ত্রান কর্মীদের ত্রান তৎপরতা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আবহাওয়া আরও দুর্যোগপূর্ণ হতে পারে বলে ত্রান কর্মীরা আশংকা করছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 09:13 AM

Updated : 26 Apr 2022, 06:12 PM

আন্তর্জাতিক রেডক্রস কমিটি বলেছে, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের জনগণের জন্য দুর্যোগপূর্ণ এ আবহাওয়া একটি বড় ধরনের বিপর্যয়।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রোববার ত্রান তৎপরতা ও দুর্গতদের সরিয়ে নেয়ার প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে।

এদিকে পাকিস্তান বলছে, ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা ৪০,০০০ ছাড়িয়ে গেছে। হাজার হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে।

রেডক্রস বলেছে, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের ঝিলাম উপত্যকা এলাকার ক্ষতিগ্রস্তদের ভাগ্য নিয়ে বিশেষভাবে আশংকা প্রকাশ করেছে।

রোববার এক বিবৃতিতে রেডক্রস সতর্কতা জানিয়ে বলেছে, প্রচুর তুষারপাতের কারণে এক মাসের মধ্যে ত্রানকার্যে হেলিকপ্টারের ব্যবহার বাধাগ্রস্ত হবে। এছাড়া তুষারপাতের কারণে রাস্তাঘাট খুলে দেওয়ার প্রক্রিয়া শ্লথ ও কঠিন হয়ে পড়বে।

তারা আরও বলেছে, মুজাফ্ফরবাদের বিভিন্ন মাঠে অস্থায়ী হাসপাতাল চালুর যে প্রক্রিয়া চলছে, খারাপ আবহাওয়ার কারণে তা বিলম্ব হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, ঠাণ্ডা আবহাওয়ার কারণে দুর্গতদের হাইপোথার্মিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাবে।

শনিবার পাকিস্তানের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যে ছয় আরোহী মারা গেছে, তার কারণ হিসেবে খারাপ আবহাওয়াকেই দায়ী করা হচ্ছে।

ভূমিধসের কারণে রাস্তাঘাট নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় প্রত্যন্ত অঞ্চলের দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে আনতে হেলিকপ্টারের সহায়তা জরুরি হয়ে পড়েছে।

খুলে দেওয়া রাস্তাগুলোতে সারাক্ষণ যানজট লেগে রয়েছে। গৃহহীনের সংখ্যা কমপক্ষে ৩৩ লাখ।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের কমপক্ষে ১,৪০০ লোক নিহত হয়েছে।

পাকিস্তান বলেছে, ভূমিকম্পে দেশটির পাঁচ বিলিয়ন ডলার মূল্যের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার আরও বৃষ্টিপাত হতে পারে বলে পাকিস্তানের আবহাওয়া ব্যুরো আশংকা করেছে।

দুর্গত এলাকায় কর্তৃপক্ষ এখন পর্যন্ত ১৮,০০০ তাবু তৈরি করেছে। অথচ দুর্গতদের জন্য প্রয়োজন কমপক্ষে এক লাখ তাবু।

ভূমিকম্পে ৬০ হাজারেরও বেশি লোক আহত হয়েছে।