কঠোর নিরাপত্তার মধ্যে ইরাকে শনিবার শুরু হচ্ছে গণভোট
ইরাকের ভবিষ্যত নির্ধারণ করতে দেশটির জনগণ শনিবার কঠোর নিরাপত্তার মধ্যে খসড়া সংবিধান অনুমোদন সংক্রান্ত গণভোটে অংশগ্রহণ করতে যাচ্ছে।
বিদ্রোহীরা যাতে ইরাকের গণভোট অনুষ্ঠান বাধাগ্রস্ত করতে না পারে সে লক্ষ্যে দখলদার মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনীর পাশাপাশি ইরাকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
ইরাকের সীমান্তগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক এলাকাতে অপ্রয়োজনীয় ও ব্যক্তিগত যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে শুক্রবার রাতে বিদ্রোহীরা ইরাকের পাওয়ার স্টেশনে হামলা চালিয়ে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দিয়েছে। এর ফলে পুরো ইরাক অন্ধকার হয়ে যায়।
কুর্দি ও সংখ্যাগরিষ্ঠ শিয়া সম্প্রদায় সংবিধান অনুমোদনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে আশা করা হচ্ছে। অপরদিকে সংখ্যাগুরু সুন্নি আরবরা হয় ‘না’ ভোট দেবে নয় তো ভোট প্রদান থেকে বিরত থাকবে বলে আশংকা করা হচ্ছে।
প্রেসিডেন্ট জালাল তালাবানি ‘হ্যাঁ’ ভোট দিতে ইরাকিদের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অস্ত্র পরিত্যাগ করতে তিনি সুন্নিদের প্রতি আহ্বান জানান।
ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আশা করছে, খসড়া সংবিধান অনুমোদিত হবে।
ইরাকের এক কোটি পঞ্চান্ন লাখ নিবন্ধনকৃত ভোটার শনিবারের ভোট দিতে পারবে। স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হবে। ভোট চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
ভোট কেন্দ্রগুলোতে হাজার হাজার সশস্ত্র সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
সারা দেশে চারদিনের সরকারি ছুটির কারণে সরকারি অফিস-আদালত, স্কুল-কলেজ বন্ধ হয়ে গেছে। বিমান চলাচল বন্ধ রয়েছে।
খসড়া সংবিধান অনুমোদিত হলে এটি পার্লামেন্টারি নির্বাচনের জন্য ভিত্তি হিসেবে কাজ করবে।
গণভোটের ফলাফল প্রকাশ হতে বেশ কিছু সময় লাগবে বলে জানা গেছে।
