২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে নিরাপত্তাকর্মী এবং গেরিলাদের মধ্যে সংঘর্ষে নিহত ৫০

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে নিরাপত্তাকর্মী এবং গেরিলাদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। চেচেন গেরিলারা এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 04:45 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের কাবারদিনো বালকারিয়া এলাকার নলচিক শহর থেকে হামলার সূত্রপাত ঘটে। পরে পুরো শহরজুড়ে হামলা এবং পাল্টা হামলা শুরু হয়। নিরাপত্তাকর্মীদের সাথে গেরিলাদের বিভিন্ন স্থানে সংঘর্ষ বাধে। গেরিলারা একই সময়ে কয়েকটি পুলিশ স্টেশনে এবং বিমানবন্দরে হামলা চালায়।

হামলায় নিহতদের বেশিরভাগই নিরাপত্তাকর্মী বলে জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ মস্কো রেডিওকে জানিয়েছে, তারা এ পর্যন্ত ৩০টি মৃতদেহ উদ্ধার করেছে এবং এদের প্রায় সবাই ইউনিফর্ম পরিহিত ছিলো।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, গেরিলাদের এ হামলা ছিলো পূর্ব পরিকল্পিত। এ কারণেই তারা একই সাথে পুলিশ স্টেশন, বিমানবন্দর, এবং মাদক নিরাপত্তা অফিসে হামলা চালিয়েছে। শহরের বিভিন্ন স্থানে থেমে থেমে সংঘর্ষ চলছে।

চেচেন গেরিলারা একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কয়েক বছর ধরে গেরিলা তৎপরতা চালাচ্ছে। ২০০৪ সালের বেসলান ট্র্যাজেডির জন্যও তারা দায়ী। ওই ঘটনায় প্রায় ৪০০ লোক নিহত হয়েছিলো, যাদের অধিকাংশই ছিলো শিশু।