চীনই প্রথম নুডলস আবিষ্কার করে
কাগজ, গান পাউডার, সিল্ক এবং চীনামাটির প্রথম প্রচলন চীনে শুরু হলেও নুডলসও যে চীনেই প্রথম আবিষ্কার হয় সে তথ্য অনেকেরই অজানা ছিল।
বিজ্ঞানীরা সম্প্রতি চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের ইয়েলো রিভারের একটি প্রত্মতাত্ত্বিক এলাকা থেকে ৪ হাজার বছরের পুরানো সিলমোহর করা একটি বাটি খুঁজে পাওয়ায় চীনেই প্রথম নুডলস আবিষ্কারের প্রমাণ মিলেছে।
কমপক্ষে দুই হাজার বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য হিসেবে নুডলসের ব্যবহার চলে আসলেও কারা প্রথম সেটি আবিষ্কার করে তা নিয়ে সন্দেহ ছিল। বিশেষ করে চীন, আরব অথবা ইতালির মধ্যে কোন দেশ প্রথম তা আবিষ্কার করে তা নিয়ে বিতর্ক দেখা দেয়। বেইজিংয়ের চাইনিজ অ্যাকাডেমি অব সাইন্সের হোউয়ান লু-এর নেতৃত্বে গবেষক দল প্রাচীন বসতি লাজিয়ায় ওই বাটি খুঁজে পান। নুডলসে ভূষি এবং শস্যকণার সন্ধান পাওয়ায় গবেষকরা ধারণা করছেন, আধুনিক সময়ের ময়দার নুডলসের প্রচলন থাকলেও সে সময় শস্য গুঁড়া দিয়েই নুডলস তৈরি করা হতো।
সম্ভবত বড় কোনও ভূমিকম্পে লাজিয়া ধ্বংস হয়েছে।
সুন্দর কারুকাজ করা হলুদাভ খয়েরি বাটিতে থেকে যাওয়া নুডলসগুলো ৫০ সেন্টিমিটারের মতো লম্বা বলে নেচার সাময়িকী জানায়।
