২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্নিদের বয়কট সত্ত্বেও ইরাক পার্লামেন্টে সংবিধান পরিবর্তনের প্রস্তাব অনুমোদিত

সুন্নি আরবদের তীব্র বিরোধিতার মুখে ইরাক পার্লামেন্টে শেষ মুহূর্তে খসড়া সংবিধান পরিবর্তনের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 11:32 AM

Updated : 26 Apr 2022, 06:12 PM

মঙ্গলবার রাতে সংসদে বিভিন্ন সম্প্রদায়ের সম্মতির ভিত্তিতে কোনও ভোট গ্রহণ ছাড়াই তা অনুমোদিত হয়।

সুন্নি দলগুলোর একটি জানায়, ডিসেম্বরে নির্বাচিত সাংসদরা খসড়া সংবিধান পর্যালোচনা করে দেখলে তারা তা মেনে নেবে। অন্যান্য সুন্নি দল বয়কট অব্যাহত রাখে।

এ বছরের শেষে একটি কমিটি সংবিধানের ভাষা আরেকবার পর্যালোচনা করে দেখবে বলে জানা গেছে।

তারপরও এই রাজনৈতিক চুক্তি ইরাকের দীর্ঘ মেয়াদি সংঘর্ষ বন্ধ করতে সাহায্য করবে বলে অনেকেই সন্দেহ প্রকাশ করেছে।

বুধবার পর্যন্ত বিদ্রোহীদের হামলা অব্যাহত ছিল। ইরাকের দক্ষিণাঞ্চল তালাফারে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। বিগত কয়েক দিনের মধ্যে এটিই দ্বিতীয় সর্বোচ্চ হামলা। এছাড়া মঙ্গলবার একটি জনাকীর্ণ মার্কেটে ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সুন্নি, শিয়া এবং কুর্দি নেতারা তিন দিনের আলোচনায় পরিবর্তিত খসড়া সংবিধানে সম্মত হলে সংসদে তা আলোচনার জন্য উত্থাপন করা হয়।

প্রস্তাবিত পরিবর্তনগুলো ওই কমিটির চেয়ারম্যান হামাম হামৌদি পড়ে শোনান।

তিনি বলেন, খসড়া পড়ে শোনানোর সময় কেউ বিরোধিতা না করায় আমরা ধরে নিচ্ছি তা অনুমোদন হয়েছে।

১৩৯ অনুচ্ছেদ বিশিষ্ট খসড়া সংবিধানের ১ নং অনুচ্ছেদে বলা হয়েছে, ইরাকের একতা রক্ষার জন্য এটি করা হয়েছে। অনুচ্ছেদ ৪-এ বলা হয়েছে, কুর্দিস্তান অঞ্চলে ফেডারেল এবং সরকারি সংস্থাগুলোতে আরবি ভাষা ব্যবহৃত হলেও সরকারি ভাষা হবে কুর্দি।

১৩১ নং অনুচ্ছেদে বলা হয়েছে, বাথ পার্টির কোনও সদস্য মিছিলে অংশ নিতে পারবে না এবং আইনের চোখে পার্টির সব সাবেক সদস্যকে সমানভাবে দেখা হবে।

মঙ্গলবারের আলোচনা শেষে ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে বলেন, আরব সুন্নিদের সব শর্ত এবং পরামর্শ পূরণ করা হয়েছে। কাজেই তাদের বয়কট করার আর কোনও কারণই নেই।

এদিকে সুন্নি নেতারা ভয় পাচ্ছেন, নতুন প্রস্তাবনার ফলে তেল সমৃদ্ধ কুর্দিস্তানে সুন্নিরা প্রবেশের সুযোগ পাবে না এবং দেশটি উত্তরে কুর্দিস্তানের ও দক্ষিণে শিয়া অঞ্চলে বিভক্ত হয়ে যাবে।

ইরাকের ১৮ টির মধ্যে কেবল তিনটি প্রদেশে সংবিধানের বিপক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া গেলে তা বাতিল হয়ে যাবে। ইরাকের চারটি প্রদেশে সুন্নি কর্তৃত্ব থাকলেও চারটি প্রদেশের সবাইকে একত্রিত করে ভেটো দেওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জনের বিষয়টি বেশ কঠিন হবে।