২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পের কারণেই কাছাকাছি চিরশত্রু পাকিস্তান-ভারত

ভূমিকম্পদুর্গতদের সাহায্যার্থে পাকিস্তানকে সহায়তা করতে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরে প্রবেশ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 09:41 AM

Updated : 26 Apr 2022, 06:12 PM

দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান এবং আফগানিস্তানে শনিবারের ভূমিকম্পে কমপক্ষে ২৩ হাজার লোক নিহত হওয়ার পর প্রতিবেশী দু’দেশ প্রয়োজনের তাগিদে আরও কাছাকাছি এল।

উভয় দেশই ভ্রমণ ভিসা কড়াকড়ি শিথিল করেছে। অনেক কাশ্মিরি পরিবারকে পাঞ্জাবের ভিতর দিয়ে তাদের নিজভূমে আসার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বুধবার নতুন করে অপর একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় দুুপুর একটা ২৩ মিনিটে রিক্টার স্কেলের ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয় বলে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে। তবে বুধবারের ভূমিকম্পের ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

তীব্র ঠাণ্ডার মধ্যে কয়েক রাত কাটানোর পর পাকিস্তানি সেনারা বাঙ্কার নির্মাণে সহায়তা করতে ভারতীয় সেনাদের আমন্ত্রণ জানিয়েছে।

ভারতীয় সেনারা সময়মতো পাকিস্তানের পাশে এসে দাঁড়াতে না পারায় হতাশা প্রকাশ করেছে। পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরবাদের দিকে লক্ষ করে ভারতীয় এক সেনা বলেন, ভারতীয় হেলিকপ্টারগুলো ভূমিকম্পের ১৫ মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে প্রয়োজনীয় সহায়তা দিতে পারত।

দিল্লি ও ইসলামাবাদ ইতোমধ্যে ভ্রমণ কড়াকড়ি শিথিল করেছে। কিছু কাশ্মিরি পরিবারকে তারা পাঞ্জাবের ওয়াগাহ সীমান্ত দিয়ে নিজগৃহে ফিরে আসার অনুমতি দিয়েছে।

বালাকোটে মার্কিন হেলিকপ্টারগুলো প্রথমবারের মতো ত্রাণ সরবরাহ ও আহতদের নিরাপদস্থানে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে। তবে দূরবর্তী অঞ্চলে এখনও ত্রাণ সহায়তা পৌঁছায়নি।

ত্রাণ না পৌঁছায় কোহিস্তান এলাকায় দুর্গতরা খাবারের জন্য বাধ্য হয়ে দোকান লুটপাট করছে বলে খবর পাওয়া গেছে।

ভূমিধসের পর পাকিস্তান-চীন সীমান্তের সংযোগস্থল কারাকোরাম মহাসড়ক খুলে দেওয়ায় ত্রাণ তৎপরতায় গতি এসেছে।

বালাকোটে দুর্গতরা ত্রাণ সহায়তা পেলেও তাদের কাছে চিকিৎসা সেবা এখনও পৌঁছায়নি।