কারজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে কাবুলে রাইস
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস মধ্য এশিয়ায় সফরের অংশ হিসেবে বুধবার কাবুলে আসছেন।
১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলো তালেবান শাসকদের উচ্ছেদের উদ্দেশ্যে সামরিক প্রচারণা শুরুর ঠিক চার বছর পর তিনি কাবুলে আসছেন।
রাইস ১৮ সেপ্টেম্বরে আফগানিস্তানে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের ধারাবাহিকতার ওপর আলোকপাত করবেন।
তিনি প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে মাদক ব্যাবসা এবং আফগানিস্তানের অর্থনৈতিক পুনঃসংস্কারের ব্যাপারে আলোচনা করবেন।
রাইস সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ২৫ বছরের গৃহযুদ্ধের অবসানের মধ্য দিয়ে আফগানিস্তানে যথেষ্ট উন্নয়ন সাধিত হয়েছে। সেখানে এখন স্থায়ী সরকার ব্যবস্থা বিরাজ করছে।
সংসদীয় নির্বাচনের ফলাফল এখনও ঘোষণা না করা হলেও এ ফলাফলে মহিলা আসন বাড়বে বলে রাইস ধারণা করেন। তবে সাবেক আফগান নেতারাও যে এ থেকে লাভবান হবেন, সে ব্যাপারে তিনি কোনও মন্তব্য করেননি।
রাইস বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে এবং তালেবান শাসকদের সমূলে উৎপাটনে কাজ করবে। তবে দেশটির ভঙ্গুর অর্থনীতি চাঙ্গা করণ এবং আফিম চাষ বন্ধের জন্য আরও কাজ চালিয়ে যেতে হবে বলে তিনি জানান।
আফগানিস্তান থেকে বিশ্বের অন্যান্য দেশে হিরোইন পাচার হয়ে থাকে। রাইস বলেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য কিভাবে আফগানিস্তানে সন্ত্রাস নিধনে কাজ করতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে পারেন বলে সাংবাদিকদের জানান।
