২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন ধর্মপ্রচারকদের ভেনেজুয়েলা থেকে বহিষ্কার করতে যাচ্ছেন শ্যাভেজ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ বলেছেন, তার দেশে বসবাসকারী মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মপ্রচারকারী দল নিউ ট্রাইবস মিশনকে তিনি বহিষ্কার করবেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 10:00 AM

Updated : 26 Apr 2022, 06:12 PM

বামপন্থি নেতা শ্যাভেজ বলেন, দলটি সাম্রাজ্যবাদী। আর ভেনেজুয়েলার আদিবাসী এলাকায় তাদের উপস্থিতির কারণে আমি লজ্জাবোধ করি।

কর্তৃপক্ষের অনুমতির তোয়াক্কা না করেই যখন তখন বিমান ভ্রমণ এবং ভেনেজুয়েলার দারিদ্র-পীড়িত এলাকায় বিলাসবহুল ক্যাম্প নির্মাণ করায় তিনি ফ্লোরিডা-ভিত্তিক ধর্মপ্রচারকারী দলটিকে অভিযুক্ত করেন।

নিউ ট্রাইবস অখ্রিস্টীয় আদিবাসী লোকদের মধ্যে ধর্মপ্রচার করে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিউ ট্রাইবস কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

নিউ ট্রাইব ল্যাটিন আমেরিকার সর্ববৃহৎ ধর্মপ্রচারকারী সংগঠন। পশ্চিম আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়াসহ পৃথিবীর ১৭ টি দেশে তাদের কার্যক্রম আছে।

আদিবাসী লোকদের পদবি ও কৃষি উপকরণ প্রদান অনুষ্ঠানে শ্যাভেজ বলেন, নিউ ট্রাইবস ভেনিজুয়েলা ত্যাগ করছে। আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা পরিবর্তনের সুযোগ নেই। আমরা নিউ ট্রাইবকে আর এখানে দেখতে চাই না।

তিনি আরও জানান, নিউ ট্রাইবকে বহিষ্কার সংক্রান্ত কাগজে তিনি এখনও স্বাক্ষর করেননি। আর এ কারণেই নিউ ট্রাইব তাদের কর্মকর্তা-কর্মচারীদের একত্র করতে বেশ কিছু সময় পাবে।

নিউ ট্রাইব কর্তৃপক্ষের যথযথ অনুমতি ছাড়াই ভেনেজুয়েলায় আসা-যাওয়া করে বলে তিনি জানান। শ্যাভেজ বলেন, আমাদের জাতীয় সার্বভৌমত্বের এ ধরনের লংঘন বন্ধ করতে হবে।