দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভূমিকম্প কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা ব্যাহত
ভূমিকম্প কবলিত অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া ইতোমধ্যেই ক্ষতিগ্রস্তদের জন্য অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে পাকিস্তানের উপদ্রুত এলাকায় ত্রাণ তৎপরতা ব্যাহত হচ্ছে।
ঝড়ো-বৃষ্টির কারণে হেলিকপ্টারের চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয় এবং ত্রাণ সহায়তা নিয়ে আসা ট্রাকগুলোকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ভূমিকম্পের উৎসস্থলের কাছাকাছি উপদ্রুত শহরগুলোতে কিছু ত্রাণ পৌঁছানো শুরু করেছে। তবে ভূমিকম্পের কারণে অনেক ক্ষতিগ্রস্তকেই পরপর চার রাতের মতো কোনও আশ্রয় ছাড়াই ঠাণ্ডার মধ্যে রাত কাটাতে হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ভূমিকম্পে দেশটির কমপক্ষে ২৩ হাজার লোক নিহত হয়েছে। এর আগের রিপোর্টে মৃতের সংখ্যা ৩৩ হাজার বলা হয়েছিল।
দুর্গতদের সাহায্যার্থে জাতিসংঘ ২৭২ মিলিয়ন ডলারের জরুরি ত্রাণ সহায়তার আবেদন জানিয়েছে।
জাতিসংঘ দুর্গতদের জন্য পরবর্তী ছয়মাসের জন্য বিশেষ করে শীতকালীন আশ্রয় সরঞ্জাম, খাদ্য, ঔষধ ও পরিবহন সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছে।
ভারত ও পাকিস্তানের দূরবর্তী উপদ্রুত এলাকায় এখনও কোনও ত্রাণ পৌঁছায়নি। আর এ কারণে দুর্গতদের মধ্যে হতাশা ও ক্ষোভ বেড়েই চলেছে।
তুমুল বৃষ্টির কারণে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ছেড়ে আসা সেনাবাহিনীর হেলিকপ্টারগুলো উপদ্রুত অঞ্চলে ত্রাণ সহায়তা সরবরাহে বাধার সম্মুখীন হয়েছে।
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরবাদে তুমুল বৃষ্টির কারণে ত্রাণ তৎপরতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। বৃষ্টির হাত থেকে বাঁচতে অনেকেরই কোনও আশ্রয়স্থল ছিল না।
তবে সেনাবাহিনী অতিরিক্ত সেনা মোতায়েন করায় এবং হাজার হাজার স্বেচ্ছাসেবী তাদের ত্রাণ সহায়তা নিয়ে হাজির হওয়ায় অনেক এলাকাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই ত্রাণ তৎপরতা জোরদার হয়েছে।
ত্রাণ সহায়তা যা দেয়া হচ্ছে তা যথেষ্ট নয় বলে অনেকেই অভিযোগ করছেন। অনেকেই সরকারের সাড়া দেয়ার ব্যাপারে অভিযোগ করেছেন।
পাকিস্তানের সরকারি কর্মকর্তারা স্বীকার করেছেন, তারা ভূমিকম্পের ভয়াবহতায় প্রাথমিকভাবে মূঢ় হয়ে গিয়েছিলেন। তবে ত্রাণ ও উদ্ধার তৎপরতা ধীরে ধীরে গতি পেয়েছে বলে তারা দাবি করেছেন।
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের কর্তৃপক্ষ বলেছে, ভূমিকম্পের কারণে সেখানে কমপক্ষে এক হাজার ৩০০ লোক মারা গিয়েছে। মৃতের সংখ্যা বাড়বে বলে তারা আশংকা করছেন।
উরি শহরে ইতোমধ্যেই প্রচুর ত্রাণ সহায়তা পৌঁছেছে। তারপরও ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত দূরবর্তী গ্রামগুলোতে এখনও পৌঁছা সম্ভব হয়নি।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, কর্তৃপক্ষ ত্রাণ সরবরাহ করার চেষ্টা করছে। কিন্তু ভূমিকম্পে নানা স্থানে ক্ষয়ক্ষতি করেছে। আর এ কারণে অনেক এলাকাতেই পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
